বিদ্যালয় ভবন ভেঙে মালামাল বিক্রি!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা ভবন ভেঙে মালামাল বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, এ বিদ্যালয়ে ১১১ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের পাশে কামারগাঁও গ্রামবাসীর একটি কালী মন্দির রয়েছে। এ মন্দিরের উন্নয়নকাজের কথা বলে ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার কয়েকজন লোক দিয়ে এই ভবন তিন মাস আগে ভেঙে দিয়ে ভবনের মালামাল বিক্রি করে দেন। পরে ১ জুলাই থেকে ওই চেয়ারম্যানের বৈঠক ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চলছে।কামারগাঁও গ্রামের বাসিন্দা মানব তালুকদার বলেন, কালী মন্দির উন্নয়নের নাম করে আধাপাকা টিনের ছাউনির ভবনের মালামাল বিক্রি করে চেয়ারম্যান চার লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। অতীতে এ মন্দিরের উন্নয়নে কয়েকবার সরকারি বরাদ্দ এলেও চেয়ারম্যান তা আত্মসাৎ করেন। প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায় বলেন, ‘ইউপি চেয়ারম্যান আমাদের জানিয়েছেন, তিনি উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েই ভবনটি লোকজন দিয়ে ভেঙেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অরুণ চন্দ্র সরকার বলেন, ‘ভবনটি ভাঙতে কোনো অনুমতি আছে কি না, তা জানতে চাওয়া হলে চেয়ারম্যান আমাকে এ কাজে নাক না গলাতে বলেন।’প্রভাকর তালুকদার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গ্রামবাসী বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভেঙে এর মালামাল নিয়ে গেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের আধাপাকা ভবনটি ভাঙতে কাউকে অনুমতি দেওয়া হয়নি।