বিদ্যালয় ভবনে ফাটল মাঠে পাঠদান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার বগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকছে না। বাধ্য হয়ে শিক্ষকেরা বারান্দায় ও মাঠে পাঠদান করছেন।কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা নূর বলেন, বিদ্যালয় পরিদর্শন করে ভবনে ফাটল দেখা গেছে। এ ছাড়া বিমের রড বেরিয়ে পড়ায় শ্রেণীকক্ষে পাঠদান না করানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের বিম ও কলামে ফাটল রয়েছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে আছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন বলেন, ভবনের বিম ও ছাদে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন ভবনটি ব্যবহারের অনুপযোগী চিহ্নিত করে শ্রেণীকক্ষে পাঠদান না করার নির্দেশ দিয়েছে। বাধ্য হয়ে বারান্দায় ও মাঠে পরীক্ষা গ্রহণ ও পাঠদান করতে হচ্ছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লুৎফুর রহমান বলেছে, ‘ভবনে ফাটল ধরায় ক্লাসে যেতে খুবই ভয় হয়। এখন রোদে কষ্ট করে মাঠে পড়তে হয়। বৃষ্টি এলে ক্লাস বন্ধ হয়ে যায়। সামনে পরীক্ষা, খুবই সমস্যা হচ্ছে।’অভিভাবক মিনু আক্তার জানান, মাঠে পাঠদান করায় তাঁর নাতনি শুচি আক্তার বিদ্যালয়ে যেতে চায় না।বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৮৪। শিক্ষক আছেন ছয়জন। ১৯৯৩-৯৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করে। কমিটির সভাপতি আবদুল খালেক বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় ইতিমধ্যে ভবনে ফাটল দেখা দিয়েছে।কসবার ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, ফাটল দেখা দেওয়ায় সাময়িকভাবে ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।স্থানীয় সাংসদ মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে আমার জানা আছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে নতুন ভবন তৈরির ব্যয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।’