বিদ্যালয় ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
বিদ্যালয় ভবনের ছয়তলার ছাদ থেকে পড়ে সজীব হোসেন (১২) নামের এক ছাত্র গতকাল বৃহস্পতিবার মারা গেছে। নিহত সজীব রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।সজীবের সহপাঠীদের দাবি, শিক্ষকের ভয়ে পালাতে গিয়ে সে ছাদ থেকে পড়ে মারা গেছে। তবে শিক্ষকেরা বলছেন, সে আত্মহত্যা করেছে। সজীবের বাড়ি ঢাকার দোহার উপজেলার রায়পুরা গ্রামে। তার বাবা প্রবাসী মামুন হোসেন। পিতামাতার একমাত্র ছেলে ছিল সে। গত ১২ মে তাকে ওই বিদ্যালয়ে ভর্তি করা হয়। বিদ্যালয়টি আবাসিক হওয়ায় সে বিদ্যালয় ভবনেই থাকত। আশুলিয়া থানা পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রের ভাষ্যমতে, গতকাল ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সজীব বিদ্যালয় ভবনের ছাদে যায়। এরপর ছাদ থেকে লাফিয়ে নিচে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।তবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, ভোরে নামাজ না পড়ে দেরি করে ঘুম থেকে ওঠায় আবাসিক হলের এক শিক্ষক বেত হাতে ধাওয়া করেন। এ সময় সজীব ভয়ে ছাদে উঠে পালাতে গিয়ে নিচে পড়ে মারা যায়। সজীবের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী বলেন, ‘সজীব লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তাকে আবাসিক স্কুলে ভর্তি করা হয়েছিল। কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল সে।’ তিনি জানান, ছেলের মৃত্যুর খবরে তাঁর চাচি বারবার মূর্ছা যাচ্ছেন।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহাদেব কর্মকার বলেন, ভর্তি হওয়ার পরে সজীব কয়েকবার পালিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু অভিভাবকেরা বুঝিয়ে তাকে আবার স্কুলে দিয়ে গেছেন। এই ক্ষোভে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।