বিদ্যালয় ভবনের ছাদ নির্মাণে পুরোনো রড ব্যবহারের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাদ নতুন করে নির্মাণে প্রায় ৫০ বছরের পুরোনো রড ব্যবহারের চেষ্টা করেন ঠিকাদার। এই অভিযোগ ওঠার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে কাজ বন্ধ করা হয়।
ঝালকাঠি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ছাদ ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের কয়েক ধাপে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে একাডেমিক ভবনের দোতলার বারান্দা ও করিডর ভেঙে নতুন করে ছাদ নির্মাণের জন্য প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
রমজান মাসে ঠিকাদার ছাদ ভাঙার কাজ শুরু করেন। ঈদের আগ মুহূর্তে ৫০ বছরের পুরোনো রডগুলো রেখেই ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেন ঠিকাদার। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়। একপর্যায়ে তা জেলা প্রশাসকের নজরে আসে। তিনি গত বুধবার বেলা ১১টায় বিদ্যালয় পরিদর্শন করে পুরোনো রড অপসারণের নির্দেশ দেন।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের দোতলায় বাঁশ-কাঠের ঠেকনা দিয়ে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ওপরে পুরোনো রড আছে। তবে মূল ভবনের সামনে কিছু নতুন রড রাখা আছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র শর্মা বলেন, ‘বিদ্যালয়ের কাজের কত টাকা বাজেট, কী কাজ করা হচ্ছে, এসব বিষয়ে শিক্ষা প্রকৌশল বিভাগ আমাদের কিছুই জানায় না। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় ঠিকাদার কৌশলে পুরোনো রড দিয়ে ছাদ ঢালাইয়ের চেষ্টা চালান।’
তবে অভিযোগ অস্বীকার করে বরিশালের ঠিকাদার আনিছুর রহমান বলেন, ঈদের ছুটিতে নির্মাণশ্রমিকেরা বাড়ি গেছেন। এ কারণে ছাদের পুরোনো রড কাটা হয়নি। ওগুলো সরিয়ে নতুন রড ব্যবহার করা হবে।
শিক্ষা প্রকৌশল বিভাগের ঝালকাঠির সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। পুরোনো রড দিয়ে ছাদ ঢালাইয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় ঠিকাদারের জবাবদিহি করতে হবে।’
জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছি। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কাজ মনিটরিং কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রড ব্যবহার করেই ছাদের ঢালাই দিতে হবে।’