বিদ্যালয় ভবনের বিম ভেঙে পড়ল
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের দক্ষিণ চরসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দুটি বিম গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিকট শব্দে ভেঙে পড়ে। এ কারণে গতকাল শনিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস ব্যাহত হয়েছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন জানান, পাকা ওই ভবনের চারটি কক্ষে বিদ্যালয়ের ১৫০ জন ছাত্রছাত্রীকে দুই পালায় পাঠ দেওয়া হতো। বিম দুটি ভেঙে পড়ায় গতকাল শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। রাতে ভেঙে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে স্থাপিত ওই বিদ্যালয়ে ১৯৯৬ সালে ১২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওই ভবনটি নির্মাণ করে। প্রতিদিনই পলেস্তারা খসে পড়ছিল এবং এর মধ্যেই ক্লাস চালানো হচ্ছিল।চরভদ্রাসন উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘ভবনটি যখন নির্মিত হয়, তখন এলাকাবাসী এর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমি নিজে ভবনটি দেখে “ঝুকিপূর্ণ” উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছিলাম।’