বিদ্যালয় ভেঙে নিয়ে গেছে সন্ত্রাসীরা, শিশুদের কান্না
আগের দিন পাঠদান শেষ করে বাড়ি ফেরে শিশুরা। পরদিন সকালে এসে তারা দেখে, বিদ্যালয়টি আর নেই। বিদ্যালয়ের চেয়ার-টেবিল, আসবাব এমনকি টিনের চালাঘর, বেড়া সবই ভেঙে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত সোমবার সকালে ক্লাস করতে এসে বিদ্যালয়ের এমন অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে শিক্ষার্থীরা। ঘটনাটি কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় রাবেয়া খাতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের।জমি নিয়ে বিরোধের জেরে ধরে গত রোববার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ব তারাপাশায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল সন্ত্রাসী রোববার ভোররাতে দলবল নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। পরে তারা টিনের চাল ও বেড়া ভেঙে ট্রাকে ভরে নিয়ে যায়। এ সময় তারা চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবও লুটে নেয়। খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে বিদ্যালয়ের মালামালভর্তি একটি ট্রাক রাস্তায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ কারণে ওই বিদ্যালয়ে সোমবার থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।জানা গেছে, কয়েক বছর আগে কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মিয়া পূর্ব তারাপাশা এলাকায় ১২ শতাংশ জমি কেনেন। পরে তিনি ওই জমিতে তাঁর মায়ের নামে রাবেয়া বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিন্তু বিদ্যালয় চালু করা হলে তিনি ওই জমি স্থানীয় মোস্তফা কামালের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে আদালতে বিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ অবস্থায় বিদ্যালয়ের জমি দখল করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে রোববার ভোররাতে বিদ্যালয়ের ঘরসহ সব মালামাল লুটে নেয়। সোমবার সকালে বিদ্যালয়ে এসে ঘর, বেঞ্চ, চেয়ার ও টেবিল না দেখে শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে।আবু তাহের মিয়া দাবি করেন, তিনি বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জমি বিক্রি করে দিয়েছেন। এলাকাবাসী সহায়তা করলে তিনি অন্য কোথাও তাঁর মায়ের নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন।জমির ক্রেতা মোস্তফা কামাল জমি দখলে নিতে বিদ্যালয়ে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, একটি মহল বিদ্যালয় চালানোর নামে তাঁর জমি দখল করে রেখেছে। অভিভাবক ফাতেমা খাতুন ও আবদুল করিম জানান, পূর্ব তারাপাশা এলাকায় গরিব মানুষ বসবাস করে। আশপাশে কোনো বিদ্যালয় নেই। বিদ্যালয়টি এলাকায় হওয়ায় তাঁরা ছেলেমেয়েদের সেখানে পাঠাতে পারতেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুদ্দিন সোহাগ জানান, বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১২৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান জানান, বিদ্যালয়ের জমি দখলের জন্য সাবেক কাউন্সিলর শানুর নেতৃত্বে হামলা চালানো হয়েছে। শানু বিদ্যালয়ে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বিদ্যালয়ের মালামালভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।