বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি আকস্মিকভাবে কমে যাওয়ায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, অব্যাহত নদীভাঙনে তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদ ও ২০০ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এক সপ্তাহ ধরে এই ভাঙন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।গতকাল শনিবার ওই দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার আটাচর, দড়িপাড়া, আওলাকান্দি ও চর আগবোহাইলসহ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনে চর আগবোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আওলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হওয়ার পথে। দুই-এক দিনের মধ্যেই সম্পূর্ণ ভবন নদীগর্ভে বিলীন হবে।সারিয়াকান্দি উপজেলার চর আগবোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি ২৫ হাজার টাকায় মজনু নামের এক ঠিকাদারের কাছে প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবার সকালে নিলামে বিক্রি করা হয়েছে। আওলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরটি কর্তৃপক্ষ অন্যত্র সরিয়ে নিয়েছে। ধুনট উপজেলার আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটিও স্থানান্তরের চেষ্টা চলছে। এ ছাড়া আটাচর, দড়িপাড়া ও কালাইহাটা গ্রামের তিনটি আধাপাকা মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর তীরে গ্রাম ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ২০০ পরিবারের বসতভিটাও এই ভাঙনে বিলীন হয়েছে।আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, বিদ্যালয় ভবনটি যমুনার ভাঙনের কবলে পড়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে পরিচালনা কমিটি বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন জানান, যমুনা নদীর ভাঙন যেভাবে শুরু হয়েছে, তাতে দুই-এক দিনের মধ্যে বিদ্যালয় ভবনটি যমুনাগর্ভে বিলীন হয়ে যাবে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে তা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।ভাঙনের কবলে পড়া আটাচর গ্রামের বাবলু মিয়া বলেন, ‘যমুনার পানি হঠাৎ কমে যাওয়ায় নদীভাঙন ব্যাপক বৃদ্ধি পেয়েছে, গত এক সপ্তাহের মধ্যে আমার বাড়িসহ প্রায় ২০০ পরিবারের বাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন যদি ভাঙন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্যোগ নিত, তাহলে এত তাড়াতাড়ি ঘরবাড়ি হারাইয়া খোলা আকাশের নিচে থাকতে হইত না।’ স্থানীয়রা জানান, একসময় যমুনা নদীতে মৌসুমের সময় ভাঙন দেখা দিত। কিন্তু এখন সবসময় নদীর পাড় ভাঙছে। এতে প্রতিদিনই বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করেছে। তবে এভাবে ভাঙন রোধ করা সম্ভব নয়।বগুড়ায় পাউবোর নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দিন বলেন, ‘গত কয়েক দিনে পানি কমে যাওয়ায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন অবকাঠামো বিলীন হচ্ছে। আমরা নদীর ভাঙন ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় এখন আর ভাঙন রোধ করা যাচ্ছে না। সময়মতো ভাঙন রোধ করা না গেলে দুই উপজেলায় কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হবে।’