বিদ্যালয় মাঠ থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের চরকাউয়া ইউনিয়নের কালীখোলা গ্রামের বিদ্যালয় মাঠ থেকে ১৮ দিন পর গত মঙ্গলবার দুপুরে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। এতে এলাকাবাসী আবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার এ টি মোজাহিদুল ইসলাম বলেন, ‘১৮ দিন আমরা চরকাউয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে জায়গা চেয়ে পাইনি। পুলিশ সদস্যরা কষ্ট করে কালীখোলা গ্রামের মাঠে তাঁবু ফেলে থেকেছেন। স্থানীয় লোকজন সহযোগিতা না দিলে ক্যাম্প রাখা কীভাবে সম্ভব?’
গত ১৪ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজ গাজী নামের এক কলেজছাত্র খুন হয়। ওই ঘটনার জের ধরে পরদিন বেলা সাড়ে ১১টায় দুর্বৃত্তরা কালীখোলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দিনই মেট্রোপলিটন পুলিশ কালীখোলা গ্রামের চরকাউয়া মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। পরে আদালতের নির্দেশে বিদ্যালয় ভবন ছেড়ে মাঠে ওই ক্যাম্প স্থাপন করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্ডিত বাড়ির পূর্ণিমা রানী বলেন, ‘পুলিশ ক্যাম্প সরাইয়া নেছে। আমরা তো ভয়ে বাঁচি না। অ্যাহন কীভাবে রাইত কাটামু কইতে পারি না।’
ধীরেন সিকদার বলেন, ‘আমরা ক্যাম্প না সরানোর জন্য পুলিশকে অনুরোধ করছিলাম। কিন্তু হ্যারা হোনে নাই। হ্যারা কইছে, সমস্যা হইলে মোবাইল করতে। আর টহল পুলিশ থাকবে।’
চরকাউয়া ইউপির চেরারম্যান মনিরুল ইসলাম বলেন, পুলিশ ক্যাম্পের জন্য জায়গা চেয়েছিল। কিন্তু ঘটনাস্থলের কাছাকাছি কোনো স্থান না থাকায় সমস্যা হয়েছে। দুটি ঘটনায় এলাকা এখন অনেকটা পুরুষশূন্য। তার পরও ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে খেয়াঘাটে ক্যাম্প করার জন্য অনুরোধ করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, এলাকাবাসীর অনুরোধে আরও কিছুদিন ক্যাম্প রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে কালীখোলা ও চর আইচা গ্রামের মাঝামাঝি এলাকায় রাস্তার পাশে ক্যাম্প স্থাপন করা হয়েছে।