বিদ্যালয় মাঠ দখলমুক্ত করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার চক বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই মাঠটি দখলমুক্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিদ্যালয়ের মাঠ থেকে দ্রুত মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল, বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন শওকত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম খোকন, আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম মুর্তজা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ১২ জনের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল ওই সভায় বলেন, চক বনমালী বিদ্যালয়ের মাঠ দখল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল রাখার ঘটনায় ৯ নভেম্বর প্রথম আলোয় ‘বিদ্যালয় মাঠে ইট-বালু, খোয়ার স্তূপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান তাঁকে ফোন করে দ্রুত বিদ্যালয় মাঠটি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি গতকাল সকালে বিদ্যালয়ে জরুরি সভা ডাকতে বলেন।
ইউএনও হুসাইন শওকত বলেন, ‘বিদ্যালয়ের মাঠটি খালি করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে নির্দেশ দিয়েছি। বিদ্যালয়ের মাঠ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দ্রুত মালামাল সরিয়ে নেবে।’