বিদ্যালয় মাঠকে হঠাৎ কবরস্থান ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠকে এলাকাবাসী কবরস্থান ঘোষণা করেছেন। ইতিমধ্যে তাঁরা বেড়া দিয়ে মাঠটি কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য ঘিরে ফেলেছেন। এ কারণে শিক্ষার্থীরা ওই মাঠে খেলাধুলা করতে পারছে না। এমনকি বিদ্যালয় ভবনের সামনে অ্যাসেম্বলি করার মতো কোনো জায়গাও খালি নেই।
পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টির নাম বাগধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশ দিয়ে বয়ে গেছে বারনই নদী।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ভাঙনের হাত থেকে বাঁচতে ১৯৮৫ সালে নদীর পাড় থেকে একটু ভেতরে বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হয়৷ বর্তমানে গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, এর পশ্চিম পাশে ভবন আর পূর্ব পাশে বিদ্যালয়ের মাঠ রয়েছে।
৪ মে গ্রামের লোকেরা বিদ্যালয় মাঠটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। শিক্ষকেরা এর প্রতিবাদ করলে কবরস্থানের নেতৃত্বদানকারীরা এসে অপমান করে বদলির হুমকি দিচ্ছেন৷
গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বারনই নদীর ধারে বিদ্যালয় মাঠের এক কোণায় এখনো বিদ্যালয়ের শৌচাগারটি রয়ে গেছে। বাঁশের বেড়া দেওয়া রয়েছে মাঠের চারদিকে। শিক্ষার্থীরা ভয়ে মাঠের ভেতর ঢুকতে পারছে না। তারা বেড়া ধরে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে। কয়েকজন লাফ দিয়ে েবড়া পেরিয়ে গোল্লাছুট খেলছে৷ খোঁজ নিয়ে জানা গেল, আইয়ুব আলী নামে এক ব্যক্তি এই গোরস্থান স্থাপনের নেতৃত্ব দিচ্ছেন। কেন বিদ্যালয় মাঠে কবরস্থান করছেন জানতে চাইলে তিনি বলেন, ভবন নির্মাণের সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিদ্যালয়কে জায়গা দিয়েছিল। তাঁদের ধারণা জমির মালিক এখনো পাউবোই রয়ে গেছে। গ্রামে কোনো কবরস্থান না থাকায় তাঁরা জায়গাটি ঘিরে কবরস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ জন্য পাউবো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের কাছ থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি। তাহলে কেন মাঠে কবরস্থান করতে চাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আইনের ব্যাপারটি তাঁদের খেয়াল ছিল না। প্রয়োজন মনে হয়েছে তাই তাঁরা করেছেন। শিক্ষকদের অপমান করা হলো কেন জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে ছেলেদের তিনি বকাঝকা করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদ মণ্ডলও কবরস্থান নির্মাণের ব্যাপারে স্থানীয়দের দলে ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মুঠোফোনে তিনি বলেন, পাড়ার লোকেরা জবরদস্তি করে কবরস্থান করছেন। এতে আপত্তি করলেও কাজ হয়নি৷ তাঁর অনুপস্থিতিতে স্কুল মাঠে বেড়া দেওয়া হয়েছে৷
পবার ইউএনও রাজ্জাকুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজনকে মাঠ থেকে বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে৷ তারা না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।