বিদ্যালয় মাঠে ইটের পাঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবৈধভাবে পাঁজা বানিয়ে ইট পোড়ানো হচ্ছে। পাঁজাটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে মাত্র কয়েক গজ দূরে হওয়ায় শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। ধোঁয়া ও ইট-কাঠ পোড়ানোর গন্ধে তাদের পক্ষে পাঠে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। প্রধান শিক্ষকের যোগসাজশেই ঠিকাদার বিদ্যালয় মাঠে এ কাজ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠে শুকানো হচ্ছে ইট। পাশে পোড়ানোর জন্য স্তূপ করে রাখা হয়েছে আরও কয়েক শ মণ খেজুরগাছের কাঠ। ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেছে।ইট পোড়ানের দায়িত্বে থাকা ইউনুছ মোল্লা জানান, তুষখালী গ্রামের ঠিকাদার শাহাদাৎ হোসেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই এখানে পাঁজাটি স্থাপন করেছেন। এ পর্যন্ত ৪০ হাজার ইট পোড়ানো হয়েছে। আরও কয়েকটি পাঁজা তৈরি করে ইট পোড়ানো হয়। এর জন্য আরও কয়েক মাস লাগবে।স্থানীয় ব্যক্তিরা জানান, প্রধান শিক্ষক ও ঠিকাদার দুজনই সরকারদলীয় লোক। তাঁরা মিলেই বাচ্চাদের কথা চিন্তা না করে বিদ্যালয়ের মাঠে ইট পোড়াচ্ছেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানালে কোনো কাজ হয়নি।পরিবেশ অধিদপ্তর বরিশালের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা ও পাঁজা স্থাপন করা করা যাবে না। আমরা ওই পাঁজা স্থাপনের অনুমতি দিইনি।’প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, ‘ঠিকাদার শাহাদাৎ এখানের একটি সড়ক পাকা করার কাজ পেয়েছেন। জনস্বার্থে সড়কটির জন্য ইট তৈরি করতে আমি তাঁকে বিদ্যালয়ের পাশে পাঁজা স্থাপনের অনুমতি দিয়েছি।’এ ব্যাপারে শাহাদাৎ হোসেন জানান, তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে পাঠাকাটা সেতু থেকে আংগুলকাটা গ্রাম পর্যন্ত দেড় কিলোমিটার মাটির সড়ক পাকা করার কাজ পেয়েছেন। এ কাজে দূর থেকে ইট আনতে হলে তাঁর কয়েক লাখ টাকা লোকসান গুনতে হবে। তাই সড়কের কাছে বিদ্যালয়ের মাঠেই ইট পোড়াচ্ছেন। পাঁজা স্থাপনে তাঁর কোনো অনুমতি নেই বলে স্বীকার করেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁজাটি ভেঙে দেওয়া হবে।