বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রী, বিপাকে শিক্ষার্থীরা
বগুড়ার ধুনটে নান্দিয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে ঠিকাদার মালামাল রেখে রাস্তা মেরামতের কাজ করায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান খসরু বলেন, ‘মাঠে পিচ গলানোর চুলা বসালে ও মিশ্রণযন্ত্রের শব্দে এবং ধুলায় শিক্ষার্থীরা এ ধরনের সমস্যায় পড়বে বলে আমি গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু তাঁরা আমার অভিযোগের বিষয়ে কোনো গুরুত্ব দেননি। ঠিকাদার আমাকে না জানিয়ে এ ধরনের কাজ করেছেন।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। শিক্ষকের অভিযোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
গত ৩১ মার্চ সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের দক্ষিণ পাশের মাঠে কয়েকটি স্থানে ছোট ছোট পাথরের স্তূপ। স্তূপের দক্ষিণ পাশে মেশিনে মেশানো হচ্ছে বালু, পাথর ও খোয়া। এর পাশেই পিচ গলানো আগুনের চুলা। এই চুলা থেকে কালো ধোঁয়া ও মেশিন থেকে ধুলা উড়ে গিয়ে পুরো বিদ্যালয় ভবন এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়ে কেউ কেউ বিদ্যালয় ছেড়ে বাড়িতে চলে যাচ্ছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, আগুনের কালো ধোঁয়া ও ধুলায় চোখ দিয়ে পানি পড়ে। শ্রেণীকক্ষে বসলে বই-খাতায় ধুলার স্তর পড়ে যায়। ফলে পড়ালেখা করতে দারুণ বিঘ্ন ঘটছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান জাকির এন্টারপ্রাইজের মালিক সিদ্দিকুর রহমান বলেন, রাস্তা মেরামতের মালামাল রাখার জায়গা না পেয়ে ইউএনওর কাছে আবেদন করে বিদ্যালয়ের মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছেন। ইউএনও হাফিজুর রহমান বলেন, ‘বিদ্যালয় মাঠে ঠিকাদারি মালামাল রাখার বিষয়ে আমাকে কেউ জানায়নি এবং অনুমতিও চায়নি। তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ধুনটের সোনাহাটা-বাগবাড়ী সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তা মেরামতের জন্য ৫৭ লাখ ৭৯ হাজার ৫৯৯ টাকা ব্যয়ে বগুড়ার সোনাতলার জাকির এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়।
বিদ্যালয় সূত্র জানায়, গত শনিবার থেকে ঠিকাদার বিদ্যালয় মাঠে বালু, পাথর ও খোয়া মেশানোর মিশ্রণযন্ত্র এবং পিচ গলানোর জন্য চুলা স্থাপন করেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল রশিদ বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠান মালামাল কোথায় রেখে রাস্তা মেরামত করবে এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধু সঠিকভাবে কাজটা বুঝে নেওয়াই আমাদের দায়িত্ব।’