বিদ্যালয় মাঠে পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন শ্রেণীর পাঠদান চলে ভাঙা ঘরে। দুই শ্রেণীর পাঠদান চলে বিদ্যালয় মাঠের খোলা আকাশের নিচে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাজানগর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া গ্রামের রফিকাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ে ২২ বছর ধরে এভাবেই চলছে লেখাপড়া।এলাকাবাসী জানান, গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম চৌধুরী নিজস্ব ভূমির ওপর ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নিজের টাকায় বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে পাঁচ কক্ষবিশিষ্ট একটি ঘর নির্মাণ করেন। যার তিনটি কক্ষে পাঠদান চলে, দুটি কক্ষে বসেন শিক্ষকেরা।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাফর জানান, গ্রামটির ছয়-সাত কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় নেই। দূরের বিদ্যালয়ে ছেলেরা লেখাপড়া করলেও মেয়েরা পারছে না। মেয়েদের কথা চিন্তা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রফিকুল ইসলাম চৌধুরী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ২২৯ জন বালিকা রয়েছে। এদের পাঠদানের জন্য ১০ জন শিক্ষক রয়েছেন। যাঁরা তিন শ্রেণীর পাঠদান করেন বিদ্যালয় কক্ষে। দুই শ্রেণীর পাঠদান করেন বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে।তিনি বলেন, শুষ্ক মৌসুমে রোদে পাঠদান করালেও বর্ষাকালে তাও সম্ভব হয় না। বিদ্যালয়ের চারপাশের বেড়া ভেঙে যাওয়ায় ও টিনের ছাউনি নষ্ট হওয়ায় বৃষ্টির পানিতে ভিজে যায় শিক্ষার্থীরা। ফলে বর্ষাকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না।মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় ভবন নির্মাণের অনুমোদন দেয়। কিন্তু দুই বছর পার হলেও দরপত্র আহ্বান করা হয়নি।মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম জোনের উপনির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র দাশ বলেন, পাকা ভবন নির্মাণ অনুমোদন হলেও অর্থ নেই। ফলে দরপত্র আহ্বান করা সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা চলছে।