বিদ্যালয় মাঠে বালু, পাথর, ধোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্কেলপুর উপজেলার চিয়ারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। চলছে ঢালাই ও বিটুমিন গলানোর কাজ। ধোঁয়া আর ধুলায় ছেয়ে গেছে চারদিক। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
আক্কেলপুর উপজেলার চিয়ারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। চলছে ঢালাই ও বিটুমিন গলানোর কাজ। ধোঁয়া আর ধুলায় ছেয়ে গেছে চারদিক। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি দখল করে সেখানে নির্মাণসামগ্রী রেখেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এটুকুতেই খান্ত হয়নি তারা, বিদ্যালয় মাঠে চুল্লি বসিয়ে চলছে বিটুমিন গলানোর কাজ। ধুলা, শব্দ আর ধোঁয়ায় ছেয়ে থাকে বিদ্যালয়টি। এতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হলেও তোয়াক্কা নেই কারও।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা বলেন, এক মাস আগে রাস্তার নির্মাণকাজের ঠিকাদারের লোকজন বিদ্যালয় মাঠের এক পাশে সামান্য বালু ও পাথর স্তূপ করে রেখে যান। এরপর ধীরে ধীরে তাঁরা বিদ্যালয়ের পুরো মাঠ দখল করে বালু ও পাথর রাখতে শুরু করেন। ১০-১৫ দিন ধরে মাঠে বিটুমিন গলানো চলছে। এতে বিদ্যালয়ে পাঠদানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ধোঁয়ায় তৈরি হয়েছে দম বন্ধ করা পরিবেশ।
সরেজমিনে গতকাল সোমবার দেখা যায়, চিয়ারীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো মাঠ দখল করে বালু ও পাথর রাখা। শ্রেণিকক্ষের সামনে গরম চুল্লি জ্বালিয়ে বিটুমিন গলানো হচ্ছিল। এ সময় সেখানে ধোঁয়ায় থাকা যাচ্ছিল না। আগুনের তাপে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঘেমে নেয়ে যাচ্ছিল। ধোঁয়ায় বিদ্যালয়ে দেয়ালগুলো কালচে বর্ণ ধারণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলে, শ্রেণিকক্ষে ধুলাবালি ঢুকে বই-খাতা ভরে যায়। মাঠে খেলাধুলা তো দূরের কথা, চলাফেরাও করা কঠিন হয়ে গেছে। এখন তো ধোঁয়ায় দম আটকে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান বলেন, ‘ঠিকাদারের লোকজনকে বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী রাখতে বারণ করেছিলাম। কিন্তু তাঁরা আমার কথা শোনেননি। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভালো বলতে পারবেন।’
কমিটির সভাপতি আবু কাজী বলেন, ‘এলাকায় একটি সড়কের সংস্কারকাজ চলছে। বগুড়ার এক ঠিকাদার কাজটি করছেন। বিদ্যালয়ের রং ও মাঠ সংস্কার করে দেবেন, এমন শর্তে ঠিকাদারের লোকজনকে মাঠে কাজ করতে দেওয়া হয়েছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচয়দানকারী মাসুদ বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বলে আমরা বিদ্যালয় মাঠ ব্যবহার করছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান গতকাল সোমবার বলেন, ‘আমি বিষয়টি জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’