বিদ্যালয় মাঠে বিদ্যুতের খুঁটি, ঝুঁকি নিয়ে খেলাধুলা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের মাঠে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। টাকা দিতে না পারায় সেটি সরিয়ে নিচ্ছে না পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মাঠে খেলাধুলা করছে।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টির পক্ষ থেকে ২০১৫ সালের ডিসেম্বরে খুঁটিটি সরাতে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সমিতি থেকে খুঁটিটি স্থানান্তর বাবদ বিদ্যালয় কর্তৃপক্ষকে ৬০ হাজার ৯৯৫ টাকা দিতে বলা হয়। তা দিতে না পারায় খুঁটিটি সরিয়ে নেওয়া হয়নি।
শারীরিক শিক্ষক খন্দকার মোজাম্মেল হক বলেন, ‘খুঁটির কারণে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মাঠে খেলাধুলা করে। আমরা সব সময় আতঙ্কে থাকি। প্রতিদিন শিক্ষার্থীরা খুঁটির কারণে ছোটখাটো ব্যথা পেয়ে থাকে।’
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মাসরুল হক বলেন, তখন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান খুঁটিটি স্থাপন করেছিল। কিন্তু এখন খুঁটি স্থানান্তরের জন্য পল্লী বিদ্যুতের নিয়ম মেনেই কাজ করতে হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও আবেদনপত্র সূত্রে জানা যায়, ২০০৩ সালে যোগানিয়া ইউনিয়নে ৬০ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১৬ সালে এটির জন্য তিন কক্ষের একটি দোতলা ভবন তৈরি করা হয়। একই বছর আশ্রয়কেন্দ্র হিসেবে পাঁচ কক্ষের আরেকটি দোতলা ভবন করা হয়। বিদ্যালয়টিতে ৪০০ শিক্ষার্থী রয়েছে। ২০০৩ সালেই বিদ্যালয়ের মাঠে পল্লী বিদ্যুতের একটি খুঁটি স্থাপন করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিনের সমাবেশ ও খেলাধুলা করছে। মাঝেমধ্যে দুর্ঘটনারও শিকার হচ্ছে তারা। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর খুঁটিটি সরাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কাছে লিখিত আবেদন করেন। ২০১৬ সালের ১২ জানুয়ারি সমিতির সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) সই করা ফিরতি একটি চিঠি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এতে খুঁটি সরানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ৬০ হাজার ৯৯৫ টাকা দিতে বলা হয়। বিদ্যালয়ের তহবিলে টাকা না থাকায় খুঁটিটি আর সরানো হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীরা এটি সরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। খুঁটিটি থেকে চারজন গ্রাহককে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুরে আলম বলে, মাঠে খেলতে গিয়ে প্রতিদিন কোনো না কোনো শিক্ষার্থী খুঁটির কারণে আঘাত পায়।
দশম শ্রেণির শিক্ষার্থী মোসলেমা আক্তার বলে, ‘বিদ্যুতের খুঁটি থাকায় মাঠে সব সময় সতর্ক হয়ে চলাফেরা করতে হয়। ঠিকমতো খেলতে পারি না।’
শিক্ষক আফসানা নুসরাত বলেন, খুঁটির কারণে বিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হয়।
প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান বলেন, খেলার সময় বল লেগে যেকোনো সময় বিদ্যুতের তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির চাওয়া এত টাকা বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। খুঁটিটি বিদ্যালয়ের পেছনে স্থাপন করলে সুবিধা হতো।