বিদ্যালয় মাঠে বৈদ্যুতিক খুঁটি তার, ঝুঁকিতে শিক্ষার্থীরা

রংপুরের বদরগঞ্জ উপজেলার মৌয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তিনটি ট্রান্সফরমার লাগানো বৈদ্যুতিক খুঁটি ও মাঠের ওপর দিয়ে চলে গেছে ১১ হাজার ভোল্টের খোলা তার। এর মধ্যেই শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নিয়মিত খেলাধুলা ও সমাবেশ (অ্যাসেম্বলি) করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে বিদ্যালয়টি স্থাপিত। শিক্ষার্থীর সংখ্যা ৭০০। উপজেলার ২২৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে ওই বিদ্যালয়টি প্রথম। পাঁচ বছর ধরে পিএসসি পরীক্ষার ফলাফলেও বিদ্যালয়টি উপজেলার মধ্যে দ্বিতীয়। সেখানে পর্যাপ্ত অবকাঠামোর সমস্যা রয়েছে। কিন্তু বিদ্যালয়ের ওপর দিয়ে ওই বৈদ্যুতিক তার টানানোর কারণে ভবন নির্মাণ করাও সম্ভব হচ্ছে না। বিদ্যালয় চত্বরে থাকা বৈদ্যুতিক ওই খুঁটির কারণে ২০১৪ সালে বিদ্যালয়ের দ্বিতল ভবনের একটি কক্ষ নির্মাণ করা যায়নি। ফলে ১৪ লাখ টাকা ফেরত গেছে।
গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠে রয়েছে বিভিন্ন ফলদ গাছ। এ গাছের ওপর দিয়ে টানানো হয়েছে ১১ হাজার ভোল্টের খোলা বৈদ্যুতিক তার। এ ছাড়া বিদ্যালয় মাঠের এক পাশে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। এতে ঝোলানো রয়েছে ৩৭ ও ২৫ কেভিএ তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। আর এই খুঁটি ঘেঁষেই আছে বিদ্যালয়ের নলকূপ। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে খেলাধুলায় মেতে উঠেছে। কেউ নলকূপে পানি পান করছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ‘মাঠে ফলদ গাছের ডালপালা ঘেঁষে টানানো হয়েছে বৈদ্যুতিক খোলা তার। ডালপালা বাড়লেই ওই তারে লেগে যায়। তখন গাছে হাত দিলেই শক করে। এ কারণে মাঠের ডালপালা বাড়লেই আমাদের দুশ্চিন্তা বাড়ে। কখন শিশুরা গাছে হাত দেয় তা নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকি। বিদ্যালয় মাঠে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে পাশের দুটি সমিল, একটি রাইসমিলসহ আশপাশের বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। অনেক সময় সংযোগস্থল নড়বড়ে হলে ওই খুঁটি থেকে আগুন বের হয়। তখন শিশুশিক্ষার্থীরাসহ শিক্ষকেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।’
প্রধান শিক্ষক মো. এহেছানুল কবীর খান বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ওই বৈদ্যুতিক খুঁটি ও তার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কখন দুর্ঘটনা ঘটে বলা মুশকিল। কিন্তু এই শিশুশিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা কখনো ভাবে না বিদ্যুৎ বিভাগ। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যুৎ কার্যালয়ে একাধিকবার আবেদন করেছি তার ও খুঁটি সরানোর জন্য, কাজ হয়নি।’
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস সরকার বলেন, ‘২০১৪ সালে বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের জন্য ৪২ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এ সময় বৈদ্যুতিক খুঁটি ও তার মাঠ থেকে সরানোর জন্য বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা তা সরিয়ে নেয়নি। পরে একটি কক্ষ নির্মাণ করতে না পারায় ১৪ লাখ টাকা ফেরত গেছে।’
এ ব্যাপারে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ১১ হাজার ভোল্টের তার টানা থাকলে তা সরানো অনেক ঝামেলার। তবুও অভিযোগ পেলে বিষয়টি দেখা যাবে।’