বিদ্যালয় মাঠে হাট বসায় পরিচালনা কমিটি!
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা রাজেন্দ্র-বরেদা সুন্দরী (আরবি) উচ্চবিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে সপ্তাহে দুই দিন সবজির হাট বসায় বিদ্যালয় পরিচালনা কমিটি। এতে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। হাটের কারণে দুপুরের বিরতির সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বসেই কাটাতে হয়।অভিযোগ আছে, হাট বসিয়ে পরিচালনা কমিটির লোকজন নানাভাবে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। হাট তুলে দেওয়ার ব্যাপারে কেউ উচ্চবাচ্য করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির সদস্যরা তাদের নানাভাবে নাজেহাল করার ভয় দেখান।আরবি উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পরিচয় গোপন রাখার শর্তে জানান, এলাকায় ভালো কোনো পাইকারি বাজার না থাকায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা সপ্তাহের বুধ ও শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বাজার বসান। হাটের কার্যক্রম চলে নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। হাটের দিনগুলোয় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটে। তা ছাড়া আরবি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ এলাকার মধ্যে বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় সেখানেও শিক্ষার্থীরা হাটুরেদের হইচইয়ের কারণে শ্রেণীকক্ষের পাঠ্যক্রমে মনোযোগ দিতে পারে না। বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, হাট বসানোর কারণে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহের দুই দিন ক্রীড়া বিনোদনে অংশ নিতে পারে না। এতে শিশুদের শারীরিক বিকাশে বিঘ্ন ঘটে। বিষয়টি নিয়ে প্রায় এক বছর আগে একবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছিল। কিন্তু আরবি উচ্চবিদ্যালয়ের সভাপতির এক আত্মীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি আর এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি।নাম প্রকাশ না করার শর্তে আরবি উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বিদ্যালয় মাঠে হাট বসানোর অনুমতি পেতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে হাটের ইজারাদার অলিখিত চুক্তি করতে হয়। চুক্তি মোতাবেক বালুভরা ইউনিয়নের হাট ও বাজার ইজারাদারকে বছরে ৪০ থেকে ৪৫ হাজার টাকা এককালীন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির হাতে জমা দিতে হয়। তবে আরবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ রায় টাকার পরিমাণ ২০ হাজারের বেশি নয় দাবি করে জানান, ইজারাদারের টাকা কোনো ব্যক্তির হাতে নয়, বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা করা হয়। তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে হাটের পসরা সাজায়। এ ক্ষেত্রে মানবিক কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা গ্রামবাসীর সঙ্গে বিবাদে জড়াতে চান না। হাটের কারণে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গ্রামবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি চলে। গ্রামের ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করে। এ কারণে গ্রামবাসীর সঙ্গে সমঝোতা করেই বিদ্যালয় পরিচালনা কমিটিকে প্রতিষ্ঠান চালাতে হয়। আরবি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুণ কুমার চক্রবর্তী জানান, গ্রামের ভেতরে থাকা সরকারি হাটে স্থান সংকুলান না হওয়ায় এলাকার কৃষকেরা তাঁদের ফসল বিক্রি করতে বিদ্যালয়ের মাঠে নিয়ে আসেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটায় কয়েক বছর আগে একবার হাটের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে উপজেলা প্রশাসনের চাপে আবার তা চালু করা হয়। ইজারাদারের কাছ থেকে কোনো রকম অনৈতিক সুবিধা আদায় কিংবা কাউকে ভয়ভীতি দেখানোর অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন তিনি।