বিদ্যালয় মাঠের মাঝ দিয়ে সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করছে এলজিইডি। সেটি এলাকার একমাত্র খেলার মাঠ। এ নিয়ে স্থানীয় লোকজন প্রচণ্ড ক্ষুব্ধ। তবে অদৃশ্য কারণে কেউ প্রতিবাদ করছেন না।
উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান গ্রামের এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার মাঠটি আনুমানিক ১৮০ ফুট দৈর্ঘ্য আর ১০০ ফুট প্রস্থের।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কালীগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি সড়কটির নির্মাণকাজ তদারকের দায়িত্বে নিয়োজিত। কাজ শুরুর আগে তিনিই নকশা তৈরি করেন। তখন খেলার মাঠের ভেতর দিয়ে সড়ক করা যাবে না বলে জানালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন তাঁকে বলেন, বিষয়টি নিয়ে কোনো ঝামেলা হবে না। চেয়ারম্যানের অনুরোধেই তিনি ওই নকশা চূড়ান্ত করেছেন। প্রকৌশলী আজিজুর আরও বলেন, সড়কটি মাঠের দক্ষিণ পাশ দিয়ে একটু ঘুরিয়ে নেওয়া যেত। কিন্তু পাশে নদী থাকায় সড়ক ধসে পড়ার আশঙ্কায় সেটা করা হয়নি।
তবে চেয়ারম্যান মোদাচ্ছের বলেন, নকশার জন্য মাপজোক করতে গেলে তিনি বলেছিলেন, যেদিকে ভালো হয়, সেদিকেই সড়ক করা হোক। এখন আপত্তি আসায় তিনি আপাতত কাজ বন্ধ রাখতে বলেছেন। সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, তালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই মাঠের মাঝ দিয়ে ১২ ফুট চওড়া ইট বিছানো (এইচবিবি) সড়ক নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে স্কুলের মাঠে গর্ত খোঁড়া হয়েছে। ফেলা হয়েছে ইট আর বালু। তালিয়ান কালীবাড়ি মোড় থেকে স্কুলমাঠ হয়ে রামচন্দ্রপুর ফুটব্রিজ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য এক কিলোমিটারের বেশি।
১৪২ শতক জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবন আছে দুটি। খেলার মাঠটি উত্তর-দক্ষিণে লম্বা। উত্তরে স্কুলভবন, দক্ষিণে বেগবতী নদী। নির্মাণাধীন সড়কটি বিদ্যালয়ের মাঠকে উত্তরে ১০৪ ফুট ও দক্ষিণে ৭৬ ফুটে বিভক্ত করে ফেলেছে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, এটি এ অঞ্চলের একমাত্র খেলার মাঠ। পুরো জামাল ইউনিয়নে আর কোনো খেলার মাঠ নেই। এই মাঠকে ঘিরে তালিয়ান গ্রামে গড়ে উঠেছে শাপলা স্পোর্টিং ক্লাব। এলাকার ক্রীড়ামোদী ছেলে-বুড়ো সবাই ওই ক্লাবে যুক্ত হয়ে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধুলা করে থাকেন।
শাপলা স্পোর্টিং ক্লাবের সদস্য রনি মোহাম্মদ বলেন, ১ ফেব্রুয়ারি প্রথম খেলার মাঠটি খোঁড়া হয়। তখন তাঁরা জানতে পারেন, এর মাঝ দিয়ে সড়ক হবে। তখন তাঁরা নির্মাণে যুক্ত লোকজন ও ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে প্রতিবাদ করেন। কিন্তু তাঁদের প্রতিবাদ শোনা হয়নি। একপ্রকার জোর করেই সড়ক নির্মাণ করা হচ্ছে।
অবশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বললেন, জায়গাটি স্কুলের হলেও গ্রামের লোকজনের চলাচলের জন্য সড়ক হওয়ায় তিনি প্রতিবাদ করতে পারেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান বলেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ওই স্থান দিয়ে সড়ক নির্মাণের ব্যাপারে তাঁরা প্রতিবাদ করেননি।
তবে এলাকাবাসী সূত্র জানায়, তালিয়ান গ্রামের পূর্ব পাশের নাটোপাড়া গ্রামে যাওয়ার জন্য রামচন্দ্রপুর থেকে একটি পিচঢালা সড়ক রয়েছে। আর পশ্চিমে কোলাবাজার থেকে নারিকেলবাড়িয়া অভিমুখে আরেকটি পিচঢালা সড়ক রয়েছে। ফলে নতুন সড়কটি অতটা জরুরি ছিল না। মূলত গ্রামের মাঝের ওই দেড় কিলোমিটারের মতো সড়ক হলে আড়াআড়ি চলাচল করা যাবে। এতে আধা কিলোমিটারের মতো দূরত্ব কমবে।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা বেগম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাঁকে অবহিত করেননি। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, এটা খুবই দুঃখজনক। বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে সড়ক হতে পারে না।