বিদ্যালয়, মাদ্রাসা ও কোচিং সেন্টারে বই বিক্রি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেজি স্কুল, বিদ্যালয়, মাদ্রাসা ও কোচিং সেন্টারে বই বিক্রি বন্ধের দাবিতে লালমনিরহাটে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন হয়েছে। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শহরের রেলবাজারে সমিতির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির লালমনিরহাটের সাধারণ সম্পাদক মো. আবদুল হাই। এতে বলা হয়, জেলার কতিপয় কিন্ডারগার্টেন (কেজি স্কুল), কোচিং সেন্টার, বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকেরা অর্থের (কমিশন) লোভে পাঠ্যতালিকা-বহির্ভূত কিছু বই তালিকাভুক্ত করে চড়া দামে বিক্রি করছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সমিতির বই বিক্রির সুযোগ নেই। এতে আরও বলা হয়, বইয়ের ব্যবসায়ীরা আয়কর, পৌরকর ও ইউনিয়ন কর দিয়ে ব্যবসা করেন। এতে সরকার আর্থিকভাবে লাভবান হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও কোচিং সেন্টারে বই বিক্রি হলে সরকার আয়কর-বঞ্চিত হয়। আর ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
সংবাদ সম্মেলনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লালমনিরহাট শাখার সভাপতি মো. বাদশা মিয়া, সমিতির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।