বিদ্যালয় শ্রীহীন, তাই শিক্ষার্থীরাও আসে না
ভবন অবকাঠামো, দরজা-জানালাগুলোর জীর্ণদশা। বসার জায়গা, খেলার মাঠটিও অপ্রতুল। বিদ্যালয়টির নেই কোনো ছিরি-ছাদ। তাই বিদ্যালয়টিতে যেমন বাড়ছে না শিক্ষার্থীর সংখ্যা, তেমনি অভিভাবকেরাও এ প্রতিষ্ঠানে সন্তানদের পাঠাতে আগ্রহী হন না।
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের ৮২ নম্বর কালাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। এখানে খাতা-কলমে শিক্ষার্থী রয়েছে ১০৮ জন। তার মধ্যে ছাত্রী ৬৮ জন। এ ছাড়া শিক্ষক রয়েছেন চারজন।
সরেজমিনে গত ৯ মার্চ দুপুরে গিয়ে দেখা গেছে, ১৯৯৪ সালে নির্মিত ২০ ফুট বাই ১৬ ফুটের একটি আধা পাকা ভবনের পাশে ২০০৮ সালে নির্মাণ করা হয়েছে ১০ ফুট দৈর্ঘের একটি টিনশেড ঘর। আধা পাকা ভবনটির দুটি কক্ষের মধ্যে একটি অফিস, অপরটি পাঠদানকক্ষ। কিন্তু দুটি কক্ষেরই দরজা-জানালা ভাঙা, চালার টিন ফুটো। পাশের টিনশেড ঘরে বেড়া নেই। বসার বেঞ্চে দুজনের জায়গায় তিন-চারজন করে ঠাসাঠাসি করে বসা।
বিদ্যালয়টির টিনশেড ঘরের একটি কক্ষে সহকারী শিক্ষক আকলিমা খাতুন পঞ্চম শ্রেণির পাঠদান করাচ্ছিলেন। সেখানে মাত্র ৯ জন শিক্ষার্থী রয়েছে। পাশের দুই কক্ষে চলছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে নয়জন ও চতুর্থ শ্রেণিতে ১০ জন করে ক্লাস করছে।
শিক্ষার্থীরা জানায়, বসার জায়গা নিয়ে নিয়মিতই তাদের প্রতিযোগিতা করতে হয়। শ্রেণিকক্ষের দরজা-জানালা পর্যন্ত ভাঙা। বৃষ্টি হলেই টিনের চালার ফুটো দিয়ে পানি পড়ে। খেলার মাঠ ছোট। সীমানাপ্রাচীরও নেই।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টির দৈন্যদশার কারণে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে চায় না। অভিভাবকদেরও বাচ্চাদের এখানে পড়ানোর বিষয়ে আগ্রহ কম। অথচ বিদ্যালয়টির প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল ভালো। নতুন একটি ভবনের জন্য ছয় বছর আগে আবেদন করা হয়েছিল। মাপজোক করা হলেও ভবন নির্মাণে বাস্তবভিত্তিক আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সংস্কারের জন্য কোনো বরাদ্দও মেলেনি। শিক্ষার অনুকূল পরিবেশ দেওয়া গেলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে বলে মত প্রকাশ করেন তিনি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টির অবস্থান হওয়ায় এটির উন্নয়নের দিকে কর্তৃপক্ষের নজর কম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বিদ্যালয়টির দৈন্যদশার কথা স্বীকার করে বলেন, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থী বাড়াতে শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির আরও সচেতন হওয়া দরকার।