বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। ১০ কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে এসে গতকাল শনিবার দুপুরে এ মানববন্ধন করেন।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর বিদ্যালয়টি রলাকাটা পূর্বপাড় চরে স্থানান্তর করে এর কার্যক্রম অব্যাহত রাখা হয়। কিন্তু উপজেলা শিক্ষা কমিটি চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে গত ৫ নভেম্বর পুনরায় বিদ্যালয়টিকে ব্রহ্মপুত্রের দক্ষিণপাড়ে আরাজী পিপুলবাড়ী গ্রামে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। পূর্বপাড় চরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। অন্যদিকে পিপুলবাড়ী গ্রামে চারটি বিদ্যালয় আছে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়। কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়লা জেসমিন সাঈদ বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এটা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও উপজেলা শিক্ষা কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।