বিদ্যালয়কক্ষ ঝুঁকিপূর্ণ, মাঠে পাঠদান
ভবন ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় কয়েক মাস ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের লক্ষ্মীনাথপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে ও গাছতলায় পাঠদান করা হচ্ছে।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে বেঞ্চে বসে আছে, আর শিক্ষকেরা তাঁদের পাঠদান করাছে। বিদ্যালয় ভবনের দুটি কক্ষে দরজা থাকলেও জানালা নেই। কক্ষ দুটির বেশ কয়েকটি স্থানে বিমের উপরিভাগ ও বিভিন্ন স্থানে ছাদের ঢালাই ধসে লোহার রডগুলো প্রায় সম্পূর্ণ বের হয়ে গেছে। দেয়ালের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। শিক্ষকদের বসার ছোট আয়তনের অফিস কক্ষের ছাদ এবং বিমেও ফাটল। দুর্ঘটনার আশঙ্কায় ইতিমধ্যে অপর কক্ষটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সালমা জানায়, ক্লাসের মধ্যে বসতে ভয় করে, তাই স্যারেরা ক্লাস করানোর জন্য তাদের মাঠে নিয়ে এসেছে। একই ধরনের কথা বলে পঞ্চম শ্রেণীর আবু জার, মোসলেমা, বিশ্বজিৎ কিংবা চতুর্থ শ্রেণীর কামরুল ইসলাম আর শাহানাসহ কয়েকজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বৈদ্য বলেন, বিদ্যালয়ের পাকা একতলা ভবনটি ১৯৯৫ সালে নির্মাণ করা হয়। বেশ কয়েকবার মেরামত করা হলেও এলাকা লবণাক্ত হওয়ায় ও নির্মাণকালে সংশ্লিষ্ট ঠিকাদারের পুকুর চুরির কারণে অল্পদিনের মধ্যে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে দুর্ঘটনার আশঙ্কায় শিশুদের বাইরে নিয়ে ক্লাস করতে হচ্ছে। গত বর্ষা মৌসুমে খুবই ঝুঁকির মধ্যে শিশুদের নিয়ে ক্লাস চালানো হয়েছে। বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণার আবেদন জানিয়ে ইতিপূর্বে উপজেলা শিক্ষা কমিটি, উপজেলা সহকারী প্রকৌশলীর দপ্তরসহ বিভিন্ন স্থানে লিখিত দরখাস্ত দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে উপজেলা সহকারী প্রকৌশলীর দপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরেজমিনে এসে পরিদর্শন করে গেছেন। কিন্তু অদ্যাবধি কর্তৃপক্ষ বিদ্যালয়টিকে পরিত্যক্ত ঘোষণা করেনি। শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ‘আমি আসার আগে কেউ বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণার আবেদন জানিয়েছে কি না তা বলতে পারব না।’উপজেলা প্রকৌশলী এ এইচ এম তারিকুল হাসান খান বলেন, শিক্ষা অধিদপ্তরের অনুমোদন পেলে নতুন ভবন নির্মাণের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।