বিদ্যালয়কক্ষ হঠাৎ দেবে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের মেঝে হঠাৎ দেবে গিয়ে সাতজন আহত হয়েছেন। গত রোববার বেলা তিনটার দিকে ওই ঘটনা ঘটে। তবে এ সময় ঈদের ছুটি থাকায় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ছিল না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়কক্ষে গত রোববার মর্নেয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ছিল। এ লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন। হঠাৎ একটি কক্ষের মেঝে অন্তত ১৫ ফুট দেবে গেলে লোকজন হুড়মুড়িয়ে গর্তে পড়ে যান। এতে সাতজন আহত হন। পরে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।

আহত আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা ২০-২৫ জন বেঞ্চে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমরা কয়েকজন বেঞ্চসহ অন্তত ১৫ ফুট নিচে তলিয়ে যাই।’

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেবে যাওয়া ওই কক্ষটির নিচ দিয়ে একটি পানির ক্যানেল ও কালভার্ট ছিল। এর ওপর দিয়েই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০০৪-০৫ অর্থবছরে বিদ্যালয় ভবন নির্মাণ করে। তখন কালভার্টের নিচে মাটি ফেলে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরে মাটি সরে গিয়ে কালভার্টের নিচ দিয়ে আবার পানিপ্রবাহ শুরু হওয়ায় ওই দুর্ঘটনা ঘটে বলে তাঁরা মত প্রকাশ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকাররম হোসেন বলেন, ‘আগে যে কক্ষটির নিচ দিয়ে ক্যানেল ছিল, তা জানতাম না। স্কুল বন্ধ থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে শিশুরা।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান গতকাল মুঠোফোনে বলেন, কালভার্টের ওপর এভাবে শ্রেণিকক্ষ নির্মাণ করা ঠিক হয়নি। তিনি আরও বলেন, ‘আমরা সরেজমিন তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’