রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৩টি বাঙালি পরিবারের সদস্যদের তিন বছরেও সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এ কারণে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাদের পরিত্যক্ত ভবন ও বারান্দায় পাঠদান করানো হচ্ছে।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইহাট প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর টিনের ছাউনি দেওয়া ভবনে পাঠদান করা হতো। শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২০০৫ সালে রাঙামাটি জেলা পরিষদ তিন কক্ষের ভবন নির্মাণ করে দেয়। ২০০৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চার কক্ষের অপর একটি ভবন নির্মাণ করে। ২০১০ সালে আদিবাসী-বাঙালি সংঘর্ষের পর চার কক্ষের ভবনটিতে বাঙালি ৩০টি পরিবার আশ্রয় নেয়। বিভিন্ন সময়ে ১৭টি পরিবার চলে গেলেও ১৩টি পারিবার রয়ে গেছে। বাকি তিন কক্ষের ভবনের মধ্যে একটি ভান্ডার ও একটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহার করা হয়। একটি কক্ষে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থীর ক্লাস নেওয়া সম্ভব। এখানে শিক্ষকের সংখ্যা ছয়জন এবং শিক্ষার্থী আছে ৫১১ জন। গত ১৩ মার্চ বিদ্যালয় থেকে ১৩টি পরিবার সরিয়ে নেওয়ার দাবিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বাঘাইহাট বাজারে মানববন্ধন করে। বর্তমানে বিদ্যালয় মাত্র একটি শ্রেণীকক্ষ রয়েছে। সেখানে একটি শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করতে পারলেও প্রাক-প্রাথমিকসহ পাঁচটি শ্রেণীর ক্লাস বারান্দা ও পরিত্যক্ত ঘরে নিতে হচ্ছে।শিক্ষার্থী চিজিবি, সতেজ ও রেনুস চাকমা বলে, শ্রেণীকক্ষের অভাবে ভাঙা ঘর ও বারান্দায় পাঠদান করা হয়। এর পাশেই পরিবারের সদস্যরা রান্নার কাজ করে। সেখানে ধোঁয়া হওয়ায় পাঠদান করার সময় তাদের সমস্যা হয়। প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, চার কক্ষের ভবনটি দখলে থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, ওই ১৩টি পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি ঘোষ বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপর আমরা বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ও শিক্ষকদের নিয়ে আবারও বসব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিদ্যালয়ে যারা বাস করছে, তার গঙ্গারামমুখ এলাকার বাসিন্দা। এখন সেখানে আদিবাসীরা বসবাস করছে। কিছুদিনের মধ্যে বাঙালি পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।