বিদ্যালয়গুলোকে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার নির্দেশ জেলা প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি নীতিমালা লঙ্ঘন করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ১০ দিনের মধ্যে ফেরত অথবা সমন্বয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই সঙ্গে কোন কোন খাতে ফি আদায় করা হয়েছে, তার প্রতিবেদনও ১০ দিনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

এদিকে সভায় আলোচনার একপর্যায়ে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কর্মকর্তারা তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মো. হাবিবুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ভর্তি নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ভর্তির ক্ষেত্রে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না। এমনকি কোনো উন্নয়ন ফিও নেওয়া যাবে না। কিন্তু নগরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এ নীতিমালা অনুসরণ না করে ভর্তি ফি, উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা নিচ্ছে। এ–সংক্রান্ত কয়েকটি অভিযোগ জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। যাচাই-বাছাই করে এর সত্যতাও পাওয়া গেছে। ভর্তি নীতিমালা অনুসরণ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাবিবুর রহমান।

এদিকে সভায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, অতিরিক্ত ভর্তি ফি আদায়ের জন্য চট্টগ্রাম জেলা শিক্ষা কার্যালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দায় রয়েছে। তারা দায়িত্ব পালন করেনি। প্রতিষ্ঠান দুটি সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ অবস্থার সৃষ্টি হতো না। এ সময় পাশে বসা জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা ক্যাব মানি না। ক্যাব কে? আমি তাঁদের অভিযোগ শুনব না। আপনারা (শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি) কে কী পরিমাণ বাড়তি ফি নিয়েছেন, তা জানিয়ে আমার কাছে প্রতিবেদন দাখিল করবেন। তা নিয়ে আমি অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব।’

সভায় সিদ্ধান্ত হয়, বিদ্যালয়গুলো ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে শুধু জানুয়ারি মাসের বেতন নিতে পারবে। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়পত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে পুরো বছরের ফি আদায় করেছে বলে অভিযোগ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।