পিরোজপুর জেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট থাকায় শিক্ষার্থীসহ শিক্ষকদেরও পানির কষ্টে ভুগতে হচ্ছে। যেসব বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে, তা-ও আবার নোংরা পরিবেশে। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে পাওয়া গেছে এ চিত্র। মঠবাড়িয়া উপজেলার ১০৯ নম্বর কবুতরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক বিউটি রানী বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮৪, পানির জন্য একটি নলকূপ এখানে বসানো হয়েছিল। পাঁচ বছর আগে তা চুরি হয়ে গেছে। এরপর থেকে আমাদের সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির জন্য।’ একই উপজেলার ১০৭ নম্বর হলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল কুমার জানান, এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৫০। বিশুদ্ধ পানির জন্য বিদ্যালয়ে কোনো নলকূপ নেই।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশিরুল ইসলাম জানান, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ২০০টি। এর মধ্যে প্রায় ৯০ ভাগ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট রয়েছে।নাজিরপুর উপজেলার ১ নম্বর বড়ইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম জানান, তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থী ২৮৪ জন। বিশুদ্ধ পানি না থাকায় শিক্ষার্থীসহ শিক্ষকদের পানির কষ্ট হচ্ছে।উপজেলার শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জানান, এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৮টি। এর মধ্যে ৮৮টি বিদ্যালয়ে নলকূপ নেই।ভান্ডারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান জানান, এ উপজেলায় ১৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০টিতেই নলকূপ নেই।স্বরূপকাঠি উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, উপজেলায় ১৬৩টি বিদ্যালয়ের মধ্যে প্রায় ৫০টি বিদ্যালয়ে নলকূপ নেই।কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. হক জানান, উপজেলায় বিদ্যালয়ের সংখ্যা ৬২টি। এর মধ্যে বেশির ভাগ বিদ্যালয়ে নলকূপ নেই।জিয়ানগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আবু জাফর জানান, এ উপজেলায় ৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানেও বেশির ভাগ বিদ্যালয়ে নলকূপ নেই।পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শামিম আহসান জানান, উপজেলায় পৌরসভাসহ ১৩১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই।পিরোজপুর পৌরসভার ৭৪ নম্বর মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম জানান, এই বিদ্যালয়ে পান করার জন্য একটি নলকূপ আছে, কিন্তু তার কাছেই রয়েছে টয়লেট। এ কারণেই আমাদের পান করার জন্য বাইরে থেকে পানি আনতে হয়।পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান বলেন, ‘যেসব প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেই সেসব জায়গায় নলকূপ স্থাপন বা বিকল্প পদ্ধতিতে যাতে পানি সরবরাহ করা হয় সে জন্য আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’পিরোজপুর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল বলেন, ‘জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিশুদ্ধ পানির কষ্টে ভুগছে এটি আমাকে কেউ জানায়নি। আমি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সঙ্গে আলাপ করে দ্রুত নলকূপ বসানো বা বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেব।’