বিদ্যালয়টি যেন শিশু কারাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকাল সাতটায় নাশতা, দুপুর দেড়টায় ভাত, আর বিকেল পাঁচটায় দেওয়া হয় রাতের খাবার। এর বাইরে আর কোনো খাবার দেওয়া হয় না। মধ্যরাতে প্রচণ্ড খিদেয় ঘুম আসে না। তখন খাবার চাইলে মারধর করা হয়। পানি খেয়ে কোনো রকমে রাত কাটাই।’ সাংবাদিক পরিচয় পেয়ে ১০ অক্টোবর কাঁদতে কাঁদতে এসব কথা জানায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা। প্রধান শিক্ষকের সামনেই তারা এসব অভিযোগ করে।খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে চরম দুরবস্থায় দিন কাটছে শিক্ষার্থীদের। এই আবাসিক বিদ্যালয়টি তাদের কাছে যেন এক শিশু কারাগার। সম্প্রতি সরেজমিনে পরিদর্শনে বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, শিশুদের অপর্যাপ্ত ও নিম্নমানের খাবার সরবরাহ, শারীরিক নির্যাতন ও অতিরিক্ত পরিশ্রমে বাধ্য করাসহ বিভিন্ন করুণ চিত্র উঠে এসেছে।বিদ্যালয়টিতে ৩০ বাঙালি, ৩৭ চাকমা, ২৫ ত্রিপুরা ও ৮ মারমাসহ মোট ১০০ জন এতিম ও গরিব শিক্ষার্থী সরকারি খরচে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও নিম্নমানের খাবার সরবরাহের বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি অভিযোগপত্রও দিয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কাছে গত ৫ অক্টোবর একটি প্রতিবেদন দিয়েছেন ইউএনও। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মামুন মিয়া, চতুর্থ শ্রেণীর ছাত্র স্বাগতম চাকমা, কাঞ্চন ত্রিপুরা, নয়নমণি আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, ভোরে ঘুম থেকে উঠেই তাদের টয়লেটের তিনটি ড্রাম পানি এনে ভর্তি করতে হয়। খাবার পানিও নিজেরাই নিয়ে আসে। তারা জানায়, টয়লেট অপরিচ্ছন্ন। খিদেয় পেট ব্যথা করে। যে খাবার দেওয়া হয়, তা অত্যন্ত নিম্নমানের। মোটা চালের ভাতের সঙ্গে কেবল একটি তরকারি দেওয়া হয়। বাধ্য হয়ে অনেক সময় বাসি ভাতও খেতে হয়। এই শিশু শিক্ষার্থীরা আরও জানায়, খাবার কম ও নিম্নমানের বলে প্রতিবাদ করলে বাবুর্চি তাদের মারধর করে।পঞ্চম শ্রেণীর ছাত্র বীর বাহাদুর ত্রিপুরা বলে, একই বল সাবান দিয়ে তাদের গোসল ও কাপড় ধুতে হয়। একই শ্রেণীর শিক্ষার্থী সাগরিকা চাকমা ও ম্রাদিও মারমা বলে, ‘আমাদের চুলে দেয়ার তেল দেওয়া হয় না।’ তৃতীয় শ্রেণীর কপেন্দ্র ত্রিপুরা, পঞ্চম শ্রেণীর সঞ্জয় চক্রবর্তী, চতুর্থ শ্রেণীর নাইমুল ইসলাম বলে, বিদ্যালয়ের জঙ্গল কেটে পরিষ্কার করা ও পানি আনার কাজ করতে হয়। বাবুর্চি থাকলেও মেয়েদের দিয়ে তরকারি কুটানো হয়। দাঁতের মাজন দেওয়া হয় না, কয়লা দিয়ে দাঁত মাজতে হয়। চুল কাটানো হয় না। গত তিন বছরে দুবার শার্ট দেওয়া হলেও প্যান্ট দেওয়া হয়নি।শিক্ষার্থীদের আরও অভিযোগ, কাজ না করলে বাবুর্চি সেলিম তাদের ওপর নির্যাতন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তত্ত্বাবধায়ক রূপম কান্তি চাকমা শিক্ষার্থীদের অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, ‘বাবুর্চি সেলিম আগে একবার মারধর করেছিল, তখন আমি তাঁকে বকেছি। বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কী কী সুবিধা কিংবা জনপ্রতি কত টাকা সরকারি বরাদ্দ আছে, এ-সংক্রান্ত কোনো নীতিমালার কাগজপত্র আমার কাছে নেই।’ শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি।বিদ্যালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান রহিথ এন্টারপ্রাইজের প্রতিনিধি মিন্টু চাকমা বলেন, ‘আমার কাছে বিদ্যালয়ে কী কী সরবরাহ করতে হবে, সে ব্যাপারে কোনো তালিকা দেওয়া হয়নি। আমি শুধু সাপ্তাহিক খাবারের তালিকা দেখে জিনিসপত্র সরবরাহ করি।’এদিকে বিল বকেয়া থাকার অভিযোগে বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারত প্রত্যাগত শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ে অস্থায়ীভাবে বসবাস করে। ওই সময়ের বকেয়া বিদ্যুৎ বিল ৪৭ লাখ টাকা পরিশোধ না হওয়ায় নতুন করে বিদ্যালয়টিতে সংযোগ দিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, বকেয়া বিল পরিশোধের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বারবার চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ওই বিদ্যালয়ে নতুন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যালয়টির ব্যাপারে কথা বলার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ ও নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদারের মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘আমি গত ২৮ সেপ্টেম্বর কাঁঠালতলী আবাসিক বিদ্যালয়টি পরিদর্শন করে যা দেখেছি, তাতে মনে হয়েছে, ওখানে জেলখানার চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে ৫ অক্টোবর জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দিয়েছি। আরেকটি প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হবে।’