বিদ্যালয়টি সুপারিশের দুই বছরেও জাতীয়করণ হয়নি
লক্ষ্মীপুরে জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশের দুই বছর পরও জাতীয়করণ করা হয়নি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্দারমানিক এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়ায় এর শিক্ষকেরা বেতন পাচ্ছেন না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে দক্ষিণ আন্দারমানিক গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামানের দান করা ৫০ শতক জমিতে এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৬৫ জন শিক্ষার্থী রয়েছে।
সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা যাচাই-বাছাই কমিটির একটি সভা হয়। সভায় আন্দারমানিক এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের জন্য জেলা যাচাই-বাছাই কমিটির কাছে সুপারিশ করা হয়। এরপর জেলা যাচাই-বাছাই কমিটি একটি সভা করে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য সুপারিশ করে। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র পাঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসাইন বলেন, বিদ্যালয়টিতে তাঁরা চারজন শিক্ষক ২০১০ সাল থেকে বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। অর্থকষ্টে থাকায় শিক্ষকেরা পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের জন্য সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।