বিদ্যালয়টিতে সমস্যার শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯৩ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র দুজন। পলেস্তারা খসে পড়েছে একটি ভবনের। বিদ্যালয়টিতে নেই কোনো টিউবওয়েল ও শৌচাগার। এমন অনেক সমস্যার মধ্য দিয়েই শিক্ষার্থীদের পাঠদান চলছে।
ওই বিদ্যালয়টির নাম চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭০ সালে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এর যাত্রা শুরু হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বাবুল ব্যাপারী বলেন, ২৫-৩০ বছর আগে বিদ্যালয়ে নির্মিত একটি ভবন অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এর বিভিন্ন অংশে ফাটল ধরেছে, খসে পড়েছে পলেস্তারা। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে পানি পড়ে। চার বছর আগে ওই ভবনের পাশে একটি দুই কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। ঝুঁকি নিয়েই পুরাতন ভবনে শিশুদের পাঠদান চলে।
৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ওই ভবনে শিশু ও প্রথম শ্রেণির ক্লাস চলছে। মানিক হোসাইন নামে এক সহকারী শিক্ষক একই সঙ্গে দুই শ্রেণিতে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। পাশের একটি কক্ষে প্রধান শিক্ষক আবদুল মোতালেব দাপ্তরিক কাজ করছিলেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে দুজন শিক্ষক থাকলেও অধিকাংশ সময়ই একজন শিক্ষক পাঠদান করেন। আবার কখনো ক্লাস না করেই তাদের বাড়ি ফিরতে হয়।
চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে কোনো টিউবওয়েল ও শৌচাগার নেই। বিদ্যালয়ের পাশে বসতবাড়িতে গিয়ে তাদের পানি পান করতে হয়। ওই সব বাড়িতে গিয়ে শৌচাগার ব্যবহার করতে গেলে অনেক গালমন্দ শুনতে হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে সাতজন শিক্ষকের জায়গায় প্রধান শিক্ষক আবদুল মোতালেব ও সহকারী শিক্ষক মানিক হোসাইন ছাড়াও কাগজে-কলমে আরও তিনজন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে আবু জাফর ২০১৩ সালের জুলাই থেকে প্রশিক্ষণে রয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাজনিত ছুটিতে আছেন শিক্ষক জোবায়দা খাতুন। ২০১৩ সালের ১ মার্চ থেকে আমিনুর রহমান নামে অপর এক শিক্ষক প্রেষণে পাশের একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
প্রধান শিক্ষক মো. আবদুল মোতালেব বলেন, ছয়টি ক্লাস চালানো দুজনের পক্ষে খুবই কষ্টকর। শুধু পাঠদানই নয়, পতাকা ওড়ানো, বেল বাজানো, ঝাড়ু দেওয়াসহ সব কাজই এই দুজনকে সামলাতে হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কোনো শিক্ষক এখানে আসতে চান না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, শিগগিরই ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য সমস্যারও সমাধান করা হবে।