বিদ্যালয়টির স্বীকৃতি স্থগিত
রাজশাহীর বাগ-মারার সেই নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বাগমারার লাউপাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০০৩ সালে অবকাঠামো নির্মাণ করার পর কয়েকজন ছাত্রী নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। ছাত্রীসংকট এবং স্বীকৃতি পাওয়া যাবে না—এমন আভাস পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা চলে যান। পরে কর্তৃপক্ষ ২০০৭ সালে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেয়। এদিকে বিদ্যালয়টি চালু দেখিয়ে গত বছর একাডেমিক স্বীকৃতি পায়। এসব অনিয়ম নিয়ে প্রথম আলোয় গত বছরের ৩ অক্টোবর ‘বন্ধ বিদ্যালয়ের হঠাৎ স্বীকৃতি’ শিরোনামে একটি খবর ছাপা হলে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী জেলা প্রশাসককে দায়িত্ব দেয়। জেলা প্রশাসক গত বছরের ১৫ নভেম্বর মন্ত্রণালয়ে পাঠানো তদন্ত প্রতিবেদনে স্বীকৃতি স্থগিতের সুপারিশ করেন। মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির স্বীকৃতি স্থগিত করে গত ৯ ফেব্রুয়ারি একটি চিঠি ইস্যু করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমান স্বীকৃতি স্থগিতের কথা স্বীকার করেছেন।