বিদ্যালয়টির ‘সম্ভ্রম’ রক্ষা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত নাটোরের সিংড়া উপজেলার চামারী বিএন উচ্চবিদ্যালয়ের ‘সম্ভ্রম’ রক্ষা পেয়েছে। শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক প্রশান্ত কুমারের ব্যাপারে তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বহিষ্কারাদেশ বহাল রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।ইউএনও আতাউল গণি বলেন, ‘অভিযোগটি স্পর্শকাতর হওয়ায় আমি এ ব্যাপারে তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার অপারগতার কথা চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ ইউএনওর তদন্ত না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটা করা হলে নতুন করে ঝামেলা সৃষ্টি হতো।’ প্রসঙ্গত, দুই বছর আগে ওই বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েন শিক্ষক প্রশান্ত কুমার। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করে। পরে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশে সিংড়ার ইউএনও দীর্ঘদিন পর বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিলে বিদ্যালয়ের পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ ব্যাপারে গতকাল প্রথম আলোতে ‘এবার “সম্ভ্রম” হারাবে বিদ্যালয়টি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।