বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর বলেছেন, ‘আমরা রাতারাতি দীর্ঘদিনের প্রাইভেট কোচিং বন্ধ করতে পারব না। এ ক্ষেত্রে আপাতত বিদ্যালয়ভিত্তিক কোচিং-ব্যবস্থা চালু করা যেতে পারে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কমিউনিটি কোচিংয়ের ব্যবস্থা করা যায়।’গতকাল শনিবার সকালে ‘মানসম্মত স্কুলশিক্ষা: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ বিষয়ে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। উন্নয়ন ও সমাজ গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসি এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ। হোসেন জিল্লুর বলেন, চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভের অন্যতম লক্ষ্য প্রতিবছর চট্টগ্রামের সার্বিক শিক্ষাব্যবস্থার ওপর একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করা। চট্টগ্রামকে একটি গ্লোবাল সিটির মর্যাদায় উন্নীত করার ক্ষেত্রে মানসম্মত শিক্ষাকে তিনি অন্যতম প্রধান উপাদান হিসেবে চিহ্নিত করেন। সাবেক উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে মাধ্যমিক বিদ্যালয়ে প্রচলিত সৃজনশীল পরীক্ষাপদ্ধতির কার্যকারিতা এবং সমস্যা সমাধানের বিষয়টি আমরা গবেষণা করে দেখব। প্রতি বৈশাখে অর্থাৎ প্রতি বছরের এপ্রিল মাসে এসব বিষয়ের ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশ করব।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সিকান্দর খান, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।