বিদ্যালয়ে আ.লীগ সমর্থকদের তাণ্ডব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুরে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা বিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে গত রোববার ও গতকাল সোমবার ওই ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার কয়েকজন জানান, এক সপ্তাহ আগে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সমর্থকেরা দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেন। মোট ভোটারের সংখ্যা ৫০৭ জন। গত রোববার ছিল ভোট গ্রহণের দিন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। একজন নারীসহ মোট পাঁচটি অভিভাবক সদস্য পদে নির্বাচন হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভোট গণনার পর প্রিসাইডিং কর্মকর্তা মো. নূরুজ্জামান ফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্যানেলের নাজির হোসেন, দাউদ হোসেন, তবিবর রহমান, সাজেদা বেগম ও আওয়ামী লীগের প্যানেলের বাচ্চু মিয়া জয়লাভ করেন। আর আওয়ামী লীগের প্যানেলের মাহবুবুর রহমান, আসগর আলী, আলমগীর ও পেয়ারী বেগম পরাজিত হন। কিন্তু ফল ঘোষণার পর কারচুপির অভিযোগ তুলে আওয়ামী লীগের পরাজিত নেতাদের সমর্থকেরা ওই বিদ্যালয়ে হামলা চালান। হামলাকারীরা শিক্ষকদের কক্ষের আলমারি, অন্যান্য আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করেন। তাঁরা প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে বলেও সই করিয়ে নেন। গতকাল সকালেও আওয়ামী লীগের সমর্থকেরা দুই দফা ওই বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
নির্বাচনে বিজয়ী বিএনপি-সমর্থক নাজির হোসেন অভিযোগ করেন, নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগের সমর্থকেরা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিমের নির্দেশে বিদ্যালয়ে হামলা চালান। অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, ‘নির্বাচনে কারচুপি হয়েছে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা ও একজন শিক্ষক ওই কারচুপি করেছেন। এ কারণে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আমার কোনো হাত নেই।’
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘আমাকে চাপ দিয়ে ফলাফল স্থগিতের কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। আমি অসহায়। ওই ঘটনায় আমি আজ (গতকাল) সোমবার মহম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি গৃহবন্দী অবস্থায় আছি। নির্বাচনের ফলাফল নিয়ে গত রোববার সন্ধ্যার পর একপক্ষ স্কুলে হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে। স্কুলে যাওয়ার উপায় নেই। আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আজ (সোমবার) সকালেও দুই দফা হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমি কী করব বুঝতে পারছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘যাঁরা হেরে গেছেন, তাঁরা হামলা চালিয়েছেন। দুজনের ভোট সমান হওয়া নিয়ে ঝামেলা বাধে। আমি হামলা ও ভাঙচুরের খবর পেয়ে দুই দফা পুলিশ পাঠিয়েছি।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা হয়নি। জিডি করা হয়েছে।