বিদ্যালয়ে আওয়ামী লীগের কার্যালয়!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাস চারেক আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ মিয়ার নেতৃত্বে এ দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী উত্তর বাজারের রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরটির পাশে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয় ১৯৯৭ সালে। ২০০১ সালে বিদ্যালয়ের পুরোনো ঘরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘরটি প্রায় চার মাস আগে দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগ, রূপসদী শাখার নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। স্থানীয় ব্যক্তিরা জানান, বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ঘরটি দলীয় কার্যালয়ের নামে দখল করলেও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের প্রভাবশালী নেতা-কর্মীরা এখানে একটি মার্কেট করার পাঁয়তারা করছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, ‘কয়েকজন নেতা-কর্মী যখন আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়েছেন তখনই আমি মৌখিকভাবে উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীদের জানিয়েছি। ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগের নাম ভাঙাতে চাইছে হায়দার মেম্বার, দুলাল গংরা।’এ ব্যাপারে উপজেলা তাঁতী লীগের সভাপতি অভিযুক্ত হায়দার আলী বলেন, ‘ফিরোজ চেয়ারম্যানের নেতৃত্বে আমরা এটি দখল করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একটি বড় মার্কেট করা। এ জন্যই আমরা বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরটি দলের কার্যালয় হিসেবে দখল করেছি।’ অভিযুক্ত দুলাল মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করেই আমরা বিদ্যালয়ের জায়গায় সাইনবোর্ড ঝুলিয়েছি। এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থ নেই, মার্কেট করা হবে দলীয় স্বার্থেই।’ রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘১০ বছর ধরে রূপসদী দক্ষিণ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় রয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান ফািরোজ মিয়া নিজেকে নেতা জাহির করতে এবং নিজেদের স্বার্থে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরটি দলের নাম ভাঙিয়ে দখল করেছেন। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম শনিবার বলেন, ‘বিদ্যালয়ের ঘর দখলের বিষয়টি গত ২৮ মার্চ লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সাইনবোর্ডটি সরানোর ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে সাইনবোর্ড খুলে ফেলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছি।’ রূপসদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ মিয়া বিদ্যালয়ের ঘর দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘স্কুলের ঘর কারা দখল করছে, এ বিষয়ে আমি কিছু জানি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ খান বলেন, ‘আওয়ামী লীগের নামে সাইনবোর্ড ঝুলানোর বিষয়টি আমার জানা নেই, দখল হয়ে থাকলে দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’