বিদ্যালয়ে আগুন, কমেছে উপস্থিতি
বিদ্যালয়ের সামনের আঙিনায় ত্রিপল বিছিয়ে ৩০-৩৫ জন শিশুশিক্ষার্থীকে রোদের মধ্যে পাঠদান করা হচ্ছে। পাশেই একতলা বিদ্যালয় ভবনটির ভেতরে-বাইরে ধ্বংসযজ্ঞের ক্ষত। বেঞ্চ, টেবিল-চেয়ার, কাগজপত্র পোড়া ভসঞ্চ ছড়িয়ে-ছিটিয়ে আছে। আগুনের তীব্রতায় বিদ্যালয় ভবনের ছাদ, দেয়াল পুড়ে যাওয়ায় খসে পড়ছে পলেস্তারা। সর্বত্র ভূতুড়ে ও আতঙ্কময় পরিবেশ।
গত মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। শুধু এই বিদ্যালয়েই নয়, দুর্বৃত্তদের আগুনে পোড়া বরগুনার সাতটি বিদ্যালয়েই এমন ভূতুড়ে ও আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারির ঘটনার পর ভীত-সন্ত্রস্ত্র অনেক শিশু বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। প্রতিদিন ৩০-৩৫ ভাগের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে না। শিক্ষকেরা অভিভাবকদের বুঝিয়েও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পারছেন না।
গত মঙ্গলবার সকালে মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আঙিনায় ৩০-৩৫ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিম বলে, ‘স্কুলঘরের চাইরপাশ আগুনে পোড়া, এখন স্কুলে আইতে ভয় লাগে। দুই দিন ভয়তে স্কুলে আই নায়, স্যারেরা বাড়িতে যাইয়্যা আমাগো আনছে।’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিরীন বলে, ‘ক্লাস করমু কোথায়? বেঞ্চ নাই, ক্লাসের সব জায়গায় পোড়া ছাই, রুমের মধ্যে গেলে ভয় লাগে।
মধ্য পাঠাকাটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, গত ৩ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়টিতে পেট্রলজাতীয় পদার্থ দিয়ে আগুন দিলে বেঞ্চ, চেয়ার-টেবিল, প্রয়োজনীয় নথিপত্র—সবকিছু পুড়ে যায়। আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। এখন পুরো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তা ছাড়া শিশুদের মধ্যে এমন ভীতির সৃষ্টি হয়েছে যে ওরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে। ঘটনার পর থেকে অনেক চেষ্টা করেও ১৪০ জনের মধ্যে ৩০-৩৫ জনের বেশি শিক্ষার্থীকে বিদ্যালয়ে আনা যাচ্ছে না। আগুনের ঘটনা শিশুদের মধ্যে চরম ভীতির সৃষ্টি করেছে।
এক কিলোমিটার দূরত্বে দক্ষিণ লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, আধা পাকা এই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে ছড়িয়ে আছে কাগজপত্র আর অন্যান্য মালামাল পোড়া ছাই। পোড়া মবিল ছিটিয়ে আগুন দেওয়ায় দেয়াল, মেঝে এবং অক্ষত বেঞ্চ পোড়া মবিলের ছোপ ছোপ দাগ ও উৎকট গন্ধ। বিদ্যালয়ের মাঠে ২৮ জন শিক্ষার্থী দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছিল। এ সময় লিজা আকতার নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠিরা লিজাকে ধরাধরি করে বারান্দায় এনে শুশ্রূষা করে। প্রায় ২৫ মিনিট পর শিশুটির জ্ঞান ফিরলেও চোখেমুখে আতঙ্কের ছাপ।
শিক্ষকেরা জানান, গত ৩ জানুয়ারি রাতে বিদ্যালয়ে আগুন দেওয়ায় শ্রেণীকক্ষের চারপাশে কালি এবং পোড়া মবিলের গন্ধ। এই পরিবেশে কারও পাঠদান ও পাঠ নেওয়ার মতো মানসিক অবস্থা নেই। তাঁদের ধারণা, আতঙ্ক থেকেই শিশুটি অজ্ঞান হয়েছে।
সহকারী শিক্ষক নাইজ সুলতানা বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থী। গত ৩ জানুয়ারি আগুন দেওয়ার পর শিক্ষার্থী উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ করেও তেমন সাড়া পাচ্ছি না।’
আমতলী আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতাগী উপজেলার পূর্ব রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একই রকম দৃশ্য দেখা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে এসব বিদ্যালয়ে যাতে বেঞ্চ সরবরাহ করে পাঠদান শুরু করা যায়, এ জন্য আমরা বরাদ্দ চেয়েছি। এ ছাড়া আগুনে যেসব ভবনের স্থায়িত্ব কমে গেছে, সেসব ভবন পুনর্নির্মাণে এলজিইডির সঙ্গে আমরা কথা বলেছি।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩ জানুয়ারি রাতে বরগুনার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর মধ্যে বরগুনা সদরের পাঁচটি, বেতাগী উপজেলার একটি এবং আমতলী উপজেলার একটি বিদ্যালয় রয়েছে।