বিদ্যালয়ে আতঙ্কে থাকে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামোগত সমস্যার কারণে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাড়ৈইখালী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে থাকতে হয় শিক্ষার্থীদের।১০ সেপ্টেম্বর বাড়ৈইখালী এলাকায় গিয়ে দেখা গেছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। পিলারেও ফাটল ধরেছে।শিক্ষার্থী জন্মা বাওয়ালী বলে, ‘বর্ষাকালে ছাদ চুঁইয়ে পানি পড়ে, পলেস্তারা খসে পড়ে, আমরা ভয়ে থাকি।’ প্রধান শিক্ষক রফিকুল আলম বলেন, ‘বিদ্যালয়ে প্রায় পৌনে ৩০০ শিক্ষার্থী রয়েছে। এখানে শিক্ষার মান উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকে ভালো। ২০১০ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি জিয়ানগর উপজেলার ১২টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।’ তিনি আরও বলেন, বিদ্যালয়ে ভবনের সমস্যার পাশাপাশি আসবাবের সংকটও রয়েছে।অষ্টম শ্রেণীর ছাত্রী সুমী আক্তার বলে, ‘প্রতিটি বেঞ্চে ছয়-সাত জনকে গাদাগাদি করে বসতে হয়। বিদ্যালয়ে আতঙ্কে থাকি, কখন দুর্ঘটনা ঘটে!’ অভিভাবক আলম হাওলাদার বলেন, ‘বিদ্যালয়ে সন্তানদের পাঠিয়ে দুশ্চিন্তায় থাকি।’জিয়ানগর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী বলেন, বাড়ৈইখালী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান ভালো হলেও অবকাঠামোগত সমস্যার কারণে অনেক অভিভাবক তাঁদের সন্তান দূরের স্কুলে ভর্তি করাচ্ছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম বলেন, ‘ওই মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান ভালো। কিন্তু বিদ্যালয়ের ভবনের অবস্থা বেহাল। এখানে যাতে নতুন একটি ভবন নির্মাণ করা হয়, সে জন্য আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম ইউসুফ আলী বলেন, বিদ্যালয়ের ভবনের যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম আউয়াল বলেন, ‘বাড়ৈইখালী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার বিষয়টি আমি শুনেছি। যত শিগগির সম্ভব, ওই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের চেষ্টা চালাব।’