বিদ্যালয়ে একজন শিক্ষকও নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার নিলাম খরিদা সদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষকের স্থলে একজনও নেই। অন্য বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রেষণে এ বিদ্যালয়ে নিয়োগ দিয়ে চালানো হচ্ছে পাঠদানের কার্যক্রম।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে কয়েকটি বেঞ্চে গাদাগাদি করে শিক্ষার্থীরা বসে আছে। আর শিক্ষক সাইদুর রহমান একাই একসঙ্গে তিনটি শ্রেণীর পাঠদান করছেন। আর পাশে কিছু ছেলেমেয়ে হইচই করছে।পঞ্চম শ্রেণীর ছাত্র সাগর বলে, ‘এভাবে ক্লাস নেওয়ায় আমরা কিছুই বুঝতে পারি না।’জানান গেছে, চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানকে গত ২৭ মার্চ থেকে প্রেষণে এ বিদ্যালয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও দেওয়া হয়। এ বিদ্যালয়ে শিক্ষকের চারটি পদের বিপরীতে কর্মরত আছেন তিনজন। তাঁদের সবাই প্রেষণে অন্যত্র চলে গেছেন। সহকারী শিক্ষক শ্যামলী বর্মণ রংপুরের মিঠাপুকুরে এবং নূরজাহান বেগম জানুয়ারি ও নাজমা বেগম ১ জুলাই থেকে সিইনএড (সার্টিফিকেট ইন এডুকেশন) প্রশিক্ষণে রংপুর পিটিআইয়ে আছেন। আর প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১৫৩ এবং বেঞ্চ আছে মাত্র ১০ জোড়া।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, একা বিদ্যালয়ের সব শিক্ষার্থীর পাঠদান করতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। ফলে দিন দিন শিক্ষার্থী উপস্থিতির হার কমে যাচ্ছে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গ্যারেন চন্দ্র বর্মণ বলেন, ‘সমস্যা সমাধানের চেষ্টা করছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতারী পারভীন বলেন, বিধি অনুযায়ী শিক্ষকদের প্রেষণে অন্যত্র পাঠানো হয়েছে। ওই বিদ্যালয়ে শিগগিরই প্রেষণে দুইজন শিক্ষক দেওয়া হবে। তখন আর পাঠদানে সমস্যা থাকবে না।