বিদ্যালয়ে এলাকাবাসীর তালা
বিদ্যালয় খোলার নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও দেখা নেই শিক্ষকদের। সাড়ে দশটা বাজে, অথচ খোলা হয়নি বিদ্যালয়ের কোনো কক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার কয়েকজন বিদ্যালয়ে লাগিয়ে দেন তালা।
মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার এই ঘটনাটি ঘটে।
খবর পেয়ে গাংনী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থলে যান। পরে বিদ্যালয়ের দুজন শিক্ষকও উপস্থিত হন।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আড়াই শ এর মতো। সেখানে ৭ জন শিক্ষকের স্থলে আছেন মাত্র তিনজন। এর মধ্যে দাপ্তরিক কাজে প্রায়ই প্রধান শিক্ষক থাকেন উপজেলা শহরে। বাকি দুজনের মধ্যে আজ বুধবার একজন ছুটিতে ছিলেন। অন্য জন স্কুলে যেতে দেরি করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শিক্ষার্থীরা ঠিক সময়ে স্কুলে হাজির হলেও প্রায় দিনই শিক্ষকের দেখা মেলে না। শিক্ষকেরা কখনোই ঠিকমতো আসেন না। আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত কোনো শিক্ষক না আসায় তারা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বিষয়টি মোবাইলে জানানো হয়। খবর পেয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান স্কুল পরিদর্শনে আসেন।
সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক সরকারি কাজে উপজেলাতে ছিলেন। বাকি দুই নারী শিক্ষকের একজন মৌখিক ছুটি নিয়েছিলেন। তবে এই ঘটনার পর তিনিও বিদ্যালয়ে আসেন। এই দুই শিক্ষকের বাড়ি স্কুল থেকে অনেক দূরে হওয়ায় তাঁরা ঠিক সময়ে স্কুলে উপস্থিত হতে পারেন না। আজ একটু দেরি হওয়ায় এলাকাবাসীর সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। পরে বেলা পৌনে এগারোটার দিকে স্কুলের তালা খুলে দেওয়া হয়। শফিকুর রহমান বলেন, ওই স্কুলের পাশে একটি বেসরকারি বিদ্যালয় তৈরি হচ্ছে। এ নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ স্থানীয়রা চেয়েছিল। কিন্তু শিক্ষকেরা রাজি না হওয়ায় এলাকার কয়েকজন আজ সুযোগ নিয়েছেন। তা ছাড়া স্কুলটিকে শিক্ষক স্বল্পতা আছে। এ জন্যও পাঠদানে সমস্যা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, সরকারি কাজে ইউএনওর সঙ্গে তিনি একটি বৈঠকে ছিলেন। এক শিক্ষক মৌখিকভাবে ছুটি চাইলেও শিক্ষক কম থাকায় তাঁকে ছুটি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বিদ্যালয়টি খুব দুর্গম এলাকায় হওয়ায় সেখানে কোনো শিক্ষক থাকতে চান না। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় যে শিক্ষকেরা আছেন তাঁদের বিদ্যালয়ে আসতে একটু সময় লাগে। আজকের ঘটনায় ওই দুজন শিক্ষক শিক্ষা কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন। এমনটা আর হবে না বলেও তাঁরা প্রতিশ্রুতি দেন।