বিদ্যালয়ে কামানের গোলার আঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনীর কামানের গোলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে সাতকানিয়ার হলুদিয়ায় এ ঘটনা ঘটে। দোল পূর্ণিমার কারণে স্কুলটি বন্ধ ছিল। জানা গেছে, সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র থেকে ২০০ গজ দূরে বদিউর রহমান সিকদার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। কামানের গোলায় বিদ্যালয়ের একটি কক্ষের ব্যাপক ক্ষতি হয়। আর শৌচাগারটি পুরোপুরি বিধ্বস্ত হয়। গোলায় বিদ্যালয়ের টেবিল ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। আর নলকূপটি উড়ে যায়। খবর পেয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বিকেলে বিদ্যালয়টি পরিদর্শন করেন। প্রশিক্ষণ রেঞ্জের অধিনায়ক লে. কর্নেল রাকিব হাসানের নেতৃত্বে একটি দল গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁরা এ ঘটনার জন্য স্থানীয় জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।