বিদ্যালয়ে ক্লাস চলার সময় বন্ধ থাকবে কোচিং
বিদ্যালয়ের ক্লাস চলাকালে কোচিং বন্ধের উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। গতকাল বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোচিং সেন্টারের পরিচালকদের সঙ্গে মতবিনিময় শেষে এ উদ্যোগ নেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও শহরে ছোট-বড় সব মিলিয়ে ২৫টির মতো কোচিং সেন্টার চলে। এর মধ্যে ১৫টি ভর্তি কোচিং। অধিকাংশ কোচিং সেন্টার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত হয়। নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়ে কোচিংয়ে ব্যস্ত থাকছে। এতে বিদ্যালয়গুলো শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, বিদ্যালয়ের ক্লাস চলাকালে কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থী পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেস বলেন, বিদ্যালয় চলাকালে ভর্তি কোচিং পরিচালনার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। এ কারণে কোচিং সেন্টারগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।
গত ৯ সেপ্টেম্বর ‘শ্রেণিকক্ষ শূন্য, কোচিং সেন্টার পূর্ণ’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।