বিদ্যালয়ে ছুটিতেও পরীক্ষা!
রমজানের শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর করার সরকারি নির্দেশনাকে পাশ কাটিয়ে চট্টগ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আজ সোমবার থেকে ষাণ্মাসিক পরীক্ষা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে এ বিদ্যালয়ে পুরোদমে ছুটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের বিএন স্কুলে আজ থেকে শুরু হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণির ষাণ্মাসিক পরীক্ষা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরীক্ষা শেষ হবে ৭ জুলাই। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৯ জুলাই, পঞ্চম শ্রেণির ১০ জুলাই, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১২ জুলাই এবং নবম ও দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।
বিদ্যালয়ের প্রাথমিক শাখার সমন্বয়কারী সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসির কেন্দ্র হওয়াতে পাঠক্রম শেষ করতে সময় লেগেছে। তাই এখন পরীক্ষা নিতে হচ্ছে। প্রতিটি শ্রেণির পরীক্ষা শেষে তাদের রমজানের ছুটি কার্যকর হবে।’
বিএন স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ইদ্রিস বলেন, ‘আমরা রমজানের পরে পরীক্ষা নেওয়ার সময় পাব না। তাই শিক্ষার্থীদের কথা ভেবেই রমজানের মধ্যেই পরীক্ষা নিতে হচ্ছে। ১৪ জুলাই থেকে আমরা পুরোপুরি রমজানের ছুটি কার্যকর করতে পারব।’
সরকার পবিত্র রমজান মাস, আষাঢ়ী পূর্ণিমা, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জুন থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরিসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।
গত ২৪ জুন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে তাগিদ দিয়েছেন।
চট্টগ্রাম বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, রমজানের শুরু থেকেই স্কুলের পাঠদান বন্ধ রাখার ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা এসেছে। কাজেই এ ধরনের সিদ্ধান্ত অবশ্য পালনীয়।
চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এবং সরকারি সহকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মুজিবুর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। কিন্তু শিক্ষাপঞ্জি অনুযায়ী জুন মাসের মধ্যেই ষাণ্মাসিক পরীক্ষা নেওয়া হয়েছে। অন্যান্য বিদ্যালয়েও জুনের মধ্যে পরীক্ষা শেষ করে ছুটি কার্যকর করেছে।
চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরউদ্দীন চৌধুরী জানান, শিক্ষাপঞ্জি মতে, প্রাথমিক বিদ্যালয়ে এপ্রিলে প্রথম সময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট মাসে।