প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ে ঢুকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) মারধর করেছে দুই বখাটে। তারা ওই ছাত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দিয়েছে।গতকাল বুধবার আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে মিছিল করেছে।বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সেন্টু খন্দকারের ছেলে শাওন ওরফে শাহিন (২১) ওই ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকাল ১০টার দিকে শাওন তাঁর বন্ধু রাজীবকে নিয়ে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীটিকে বিশ্রামাগার থেকে ডেকে বাইরে এনে অন্য ছাত্রীদের সামনে থাপড় দেন এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাকে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যান।বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সিহাব, নবম শ্রেণীর সায়মা ও দশম শ্রেণীর মাকসুদা বলে, বিদ্যালয়ের পক্ষ থেকে ওই বখাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্লাস বর্জন অব্যাহত রেখে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রধান শিক্ষক কাজী ফিরোজ আহামঞ্চদ বলেন, তিনি বাদী হয়ে ওই বখাটেদের বিরুদ্ধে মামলা করবেন। এ ব্যাপারে বক্তব্য জানতে শাওনদের বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।