বিদ্যালয়ে তালা ঝুলছে ১০ বছর ক্লাস চলছে পরিত্যক্ত বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া মাঝের চর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১০ বছর ধরে তালা ঝুলছে। ফলে এ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা চলছে একটি পরিত্যক্ত বাড়ির খোলা আকাশের নিচে। বৃষ্টি এলে শিক্ষার্থীরা দৌড়ে আশ্রয় নেয় পাশের একটি চালাঘরে।ওই বিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র গোস্বামী জানান, স্কুলের সহকারী শিক্ষক রইসউদ্দিন পাঠদান না করে কেবল হাজিরা খাতায় স্বাক্ষর করেই বেতন তুলতেন। জমিদাতা পরিবারের সদস্য বলে কথা! তাঁর চাচা মো. গিয়াস উদ্দিন বিদ্যালয়ের জন্য জমি দান করেছেন। কিন্তু একদিন হাজিরা খাতায় লাল কালি দেখে রইসউদ্দিন ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি প্রধান শিক্ষক অরুণ বিশ্বাসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে মেঝেতে ফেলে বুকে ছুরি বসিয়ে দেন রইসউদ্দিন। ঘটনাস্থলেই মারা যান অরুণ বিশ্বাস। হাজিরা খাতায় লাল কালি দেওয়ার খবর জানতে পেরে ছুরিটি সঙ্গে করেই এনেছিলেন তিনি। ঘটনাটি ঘটে ২০০১ সালের মে মাসে।বিকাশ চন্দ্র গোস্বামী জানান, ওই ঘটনায় অরুণ বিশ্বাসের স্ত্রী বীণা রাণী বাদী হয়ে রইসউদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই ঘটনায় তিনি কারাগারে যান।এলাকাবাসী জানান, এতে জমিদাতা পরিবার ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীর অনুরোধের পরও ওই পরিবার বিদ্যালয়ের তালা খুলে দেয়নি। উল্টো অন্য শিক্ষকদের হুমকি দেওয়া হয়, তাঁরা যেন ওই বিদ্যালয়ে পড়াতে না আসেন। এভাবেই কেটে গেছে ১০টি বছর। ইতিমধ্যে তিনজন শিক্ষক অবসরে গেছেন। এখন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একমাত্র শিক্ষক বিকাশ চন্দ্র গোস্বামী।বিকাশ চন্দ্র গোস্বামী জানান, বর্তমানে বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী আছে। জানুয়ারিতে তিনি অবসরে যাচ্ছেন। অবসরে গেলে বিদ্যালয়টি চিরতরে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, ওই বিদ্যালয় ভবনের চারটি দরজায় তালা ঝুলছে। খোলা আকাশের নিচে বিকাশ চন্দ্র গোস্বামী পঞ্চম ও চতুর্থ শ্রেণী বাদে স্কুলের প্রায় সব ক্লাসের শিক্ষার্থীকে একসঙ্গে পড়াচ্ছেন।শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি এলে পাশের চালাঘরটিতে আশ্রয় নেয় তারা। একই বিদ্যালয়ের শিক্ষার্থী মো. কামরুল মিয়া, মামুন, সবুজ, হুসনা, শিরিন ও খোদেজা জানায়, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তাদের পড়ালেখা করতে হচ্ছে।রইসউদ্দিন জানান, তাঁদের পরিবার যে জমি দান করেছিল, তা আর বিদ্যালয়কে দেবে না। তাই সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।সাখুয়া মাঝের চর এলাকার আবদুর রশিদ, নোমান মিয়া ও আয়েশা বেগম জানান, প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় সন্তানদের নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম ও তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদ হাসান জানান, মামলার কারণে অন্যত্র বিদ্যালয়টির কার্যক্রম চালু রয়েছে। আগের জায়গায় বিদ্যালয়ের কার্যক্রম চালু করার চেষ্টা চলছে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলা বিচারাধীন থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আদালত থেকে নির্দেশ পেলে বিদ্যালয়টি খোলার ব্যবস্থা করা যেতে পারে।