বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এল কে আমিন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে বজরা এল কে আমিন স্কুল ও কলেজের ৩৬৫ জন শিক্ষার্থী বিদ্যালয় মাঠের বালু অপসারণ, রসায়নবিষয়ে শিক্ষক নিয়োগ এবং কেটে নেওয়া উপবৃত্তির টাকা ফেরত দেওয়ার দাবিতে তালা ঝুলিয়ে দেয়। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খুলবে না বলে ঘোষণা দিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিদ্যালয় মাঠটি নিচু থাকায় এক বছর আগে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের মাধ্যমে মাঠটি বালু দিয়ে ভরাট করা হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের স্কুল শাখার রসায়নবিষয়ে শিক্ষক নেই এবং গত মঙ্গলবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের ২০১১ সালের জুলাই-ডিসেম্বর মাসের উপবৃত্তির টাকা দেওয়ার সময় কিছু টাকা কেটে রাখা হয়। বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান বলে, সামান্য বাতাসেই মাঠের বালু উড়ে এসে শ্রেণীকক্ষ ভরে যায়। এ কারণে শ্রেণীকক্ষে বসে থাকা যায় না। নবম শ্রেণীর শিক্ষার্থী রিফা আক্তার, অষ্টম শ্রেণীর কুমারী সঞ্চৃতি রানী, সপ্তম শ্রেণীর মামুন আমীন ও ষষ্ঠ শ্রেণীর রায়হান সরকার জানায়, তাদের কাছ থেকে শ্রেণীভিত্তিক ১০০, ৮০ এবং ৬০ টাকা করে উপবৃত্তির টাকা কেটে নেওয়া হয়েছে। এভাবে ১৬১ জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর টাকা কেটে রাখা হয়েছে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছ থেকেও এবার উপবৃত্তির টাকা কেটে নেওয়া হয়েছে। অভিভাবক রাজু মিয়া (৭০), আজিমুদ্দিন (৫৫) ও শামছুল হক (৬০) শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির টাকা কেটে রাখার ঘটনার নিন্দা করে জানান, সরকার লেখাপড়ার খরচ মেটানোর জন্য উপবৃত্তি দেয়। এই টাকা থেকে শিক্ষকেরা টাকা কেটে রেখে ঠিক করেননি। অধ্যক্ষ আহসান হাবিব বলেন, ‘একজন অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসাসহায়তা দিতে উপবৃত্তির টাকা কেটে নেওয়া হয়েছে। শিক্ষকসংকট নিরসন এবং মাঠের বালু ওড়া বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘শিগগিরই সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কর্তনের কোনো নিয়ম নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’