বিদ্যালয়ে তালা দিলেন আ.লীগের নেতারা
ব্যবস্থাপনা কমিটিতে নাম না থাকায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরখাদুলি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতারা গতকাল রোববার তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ডিসেম্বরে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ওই বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা দলটির স্থানীয় নেতা আবুল কালাম আজাদকে সভাপতি এবং অন্য কয়েকজন নেতাকে সদস্য করে কমিটি গঠন করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি তালিকা পাঠান। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেল হোসেন ওই তালিকা না মেনে ছানোয়ার হোসেন নামের স্থানীয় এক ব্যক্তিকে সভাপতি করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেন। এতে ক্ষুব্ধ হয়ে আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সকালে বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দেন। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে পারেনি।
বিদ্যালয়ের কক্ষে তালা দেওয়ার কথা স্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধান শিক্ষক আমাদের কমিটি না নিয়ে তাঁর মনগড়াভাবে কমিটি করে ঘোষণা দিয়েছেন। তাই আমরা শিক্ষার্থীদের সব অভিভাবককে নিয়ে বিদ্যালয়ে তালা দিয়েছি।’
জেল হোসেন বলেন, ‘আমি কোনো তালিকা পাইনি। আমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সব অভিভাবককে ডেকে ১৬ জানুয়ারি একটি কমিটি গঠন করেছি।’
মথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহমেঞ্চদ বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক আবুল কালাম আজাদকে সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে একটি কমিটি করে সেই তালিকা প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়। কিন্তু প্রধান শিক্ষক এই তালিকার তোয়াক্কা না করে তাঁর মনগড়া কমিটি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের কমিটি নিয়ে তালা দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে বলেছি। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’