বিদ্যালয়ে তালা দিলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ধরে তালা ঝুলছে। চাকরি এমপিওভুক্ত না হওয়ায় এক শিক্ষক ওই বিদ্যালয়ের প্রতিটি কক্ষে মঙ্গলবার তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষার্থীরা দুই দিন ধরে ক্লাস করতে পারছে না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৬ সালে বাণিজ্য শাখায় হাদিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। পাঁচ বছর ধরে তিনি এখানে চাকরি করছেন। এত দিনেও তাঁর চাকরি এমপিওভুক্ত (বেতনের সরকারি অংশ) না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি গত মঙ্গলবার ভোরে বিদ্যালয়ের সব কক্ষে তালা লাগিয়ে দেন।প্রধান শিক্ষক সাধন হালদার জানান, তাঁর নিয়োগের সময় এমপিওভুক্তির কোনো শর্ত ছিল না। তাই তিনি (হাদিউজ্জামান) যা করেছেন, তা সম্পূর্ণ বেআইনি। তালা ঝুলিয়ে দেওয়ার কথা স্বীকার করে শিক্ষক হাদিউজ্জামান বলেন, ‘সহ্যেরও একটা সীমা থাকে।’ তিনি আরও বলেন, ‘আমার কষ্টের কথা প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতিকে জানিয়েছি।’ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিলন ঘোষাল বলেন, ‘আমরা তাঁর বেতন-ভাতার জন্য চেষ্টা করছি। তবে তিনি যে কাজটি করেছেন, তা ক্ষমার অযোগ্য।’