বিদ্যালয়ে নির্বাচনী আমেজ

ভোটার তালিকা, ব্যালট পেপার, ব্যালট বক্স, ভোট প্রদানের গোপন কক্ষ সবই ছিল। ছিল নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটও দিল ভোটাররা। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের উল্লাসও হলো। গতকাল বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট বা ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচনের চিত্র ছিল এটি।
স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার অভ্যাসসহ সাতটি সুনির্দিষ্ট লক্ষ্য ও মূল্যবোধ অর্জনের অংশ হিসেবে গতকাল ওই উচ্চবিদ্যালয়ে ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা।
সরেজমিনে গতকাল বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। শৃঙ্খলার দায়িত্ব পালন করছে রোভার স্কাউটের সদস্যরা। একে একে ভোটকক্ষে ঢুকছে ভোটাররা। ভেতরে ব্যালট নিয়ে বসে আছে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে এক এক করে ব্যালট নিয়ে কক্ষের এক কোনার গোপন কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে ভোটার। পরে মুখে গাম্ভীর্য নিয়ে বেরিয়ে এসে ভাঁজ করা ব্যালট পেপার ঢুকিয়ে দিচ্ছে ব্যালট বাক্সে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি বিদ্যালয়ের দুটি শিফটে (শাখা) ২০১৭ শিক্ষাবর্ষে ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আহ্বান করা হয়। পরদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। সেদিন আটটি পদের বিপরীতে প্রভাতি শিফটে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। আর দিবা শিফটে জমা পড়ে ১৪টি মনোনয়নপত্র। নির্বাচন কমিশনার সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে। গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই নির্বাচন হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রভাতি শিফটের ৬১০ ও দিবার ৫৮০ জন শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেয়।
ভোট গণনা শেষে প্রভাতি শাখায় মোবাশ্বির হোসেন, শাবিত নেওয়াজ, আবিদ আবরার, জারিফ আহম্মেদ, জাবের হোসেন, শাফায়েত শফি, আবদুল আউয়াল ও ফারহান সাদিক নির্বাচিত হয়। দিবা শাখায় আবদুল আখের রিয়াদ, মুন্না পারভেজ, ধীরেন্দ্রনাথ বর্মণ, সাজ্জাদ হোসেন, আব্রাহাম লিংকন, মুসতাসির মুন, আহাদুন নবী ও তকী ওসমানী জয়লাভ করে।
প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত হবে। তারা ভবিষ্যতে সৎ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য মন্ত্রিপরিষদ গঠিত হবে। মন্ত্রিপরিষদের কর্মপরিধির মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখনসামগ্রী বিতরণ, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি দিবস পালন, অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা, আপ্যায়ন ও আইসিটি পরিচালনা।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানু বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৫২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি মাদ্রাসা ও ১২টি কারিগরি বিদ্যালয়ে ছাত্র মন্ত্রিপরিষদ অনুষ্ঠিত হবে।