বিদ্যালয়ে পুলিশ ক্যাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা বাজারের পুলিশ ক্যাম্পটির নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। এ কারণে ক্যাম্পের পুলিশ সদস্যরা দখল করে আছেন বংকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের পাঁচটি কক্ষ। আরেকটি ভবনের মাত্র তিনটি কক্ষে শিক্ষার্থীরা কষ্টে ক্লাস করছে। শিক্ষকেরা বসছেন ভবনের সিঁড়িঘরে।পুলিশ সূত্রে জানা গেছে, লিনটেন পর্যন্ত গাঁথার পর মাত্র পাঁচ লাখ টাকার জন্য কাজটি ঝুলে আছে। তাই তারা উপায় না পেয়ে প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে অবস্থান নিয়েছে। এতে তাদেরও খারাপ লাগছে।বংকিরা বাজারে গিয়ে দেখা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে ঠাসাঠাসি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। আর পুরোনো ভবনের পাঁচটি কক্ষ পুলিশ সদস্যদের দখলে। মাঝ দিয়ে বাঁশ বেঁধে আলাদা করে রাখা হয়েছে ভবন দুটি। শিক্ষার্থীদের পুরোনো ভবনের দিকে যাওয়ার সুযোগ নেই। ভবনটির সামনের অংশে পুলিশ সদস্যদের রান্নার লাকড়ি ফেলে রাখা হয়েছে। একপাশে ফাঁড়ির নিরাপত্তারক্ষীর দাঁড়ানোর জায়গা। এর পাশের কক্ষগুলোয় পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা করা রয়েছে। শিক্ষকেরা বলেন, এটা যে তাঁদের নিজস্ব ঘর, এখন আর তা বোঝা যায় না। নিজস্ব ঘর থাকতেও তাঁদের মাঝেমধ্যে খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়।বাজারের ব্যবসায়ীরা জানান, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, দামুড়হুদা ও জীবননগর উপজেলার সীমান্তবর্তী বাজার হচ্ছে বংকিরা। একসময় এই এলাকায় চরমপন্থীদের আস্তানা ছিল। জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে বাজারে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা খাতুন জানান, বর্তমানে বিদ্যালয়ে ২৫১ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক আছেন তিনজন। এ বছর প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে ৬২ জন, যাদের জায়গা দেওয়া খুবই কষ্টকর। মাঝেমধ্যে প্রথম শ্রেণীর ক্লাস খোলা আকাশের নিচে নিতে হয়। তা ছাড়া পুলিশের আগ্নেয়াস্ত্র, লাঠি, আসামি, আসামিদের মারপিট—সবকিছুই শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলে। ক্যাম্পটির কাজ করে সেখানে স্থানান্তর করা জরুরি।ক্যাম্পের কর্মকর্তা কাজী বায়েজিদ জানান, এভাবে বিদ্যালয়ের কক্ষ দখল করে থাকায় তাঁদেরও খারাপ লাগে। কিন্তু এলাকার মানুষের স্বার্থে থাকতে হচ্ছে। তিনি বলেন, ২০০৯ সালের ১২ জানুয়ারি ক্যাম্পের জন্য ভবন তৈরি শুরু হয়। জেলা প্রশাসন, ইটভাটার মালিক ও জনপ্রতিনিধিদের দেওয়া বরাদ্দ থেকে ভবনের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এখন টিন দেওয়া, জানালা-দরজা লাগানো এবং রং করার কাজ বাকি আছে। এসব কাজ করতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে; কিন্তু এই টাকার জন্য কাজটি শেষ হচ্ছে না। তাঁরাও কষ্ট করে স্কুলঘরে থেকে দায়িত্ব পালন করছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ক্যাম্পটি স্থানীয়ভাবে করায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই। এ কারণে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। সম্প্রতি স্থানীয় সাংসদ তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আরও দুই লাখ টাকা হলে বাকি কাজ শেষ করা যাবে।