বিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি, অস্বস্তি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইমচর চরভৈরবী মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দখল করে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে l ছবি: প্রথম আলো
হাইমচর চরভৈরবী মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দখল করে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে l ছবি: প্রথম আলো

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ভবনে প্রায় আট বছর ধরে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে। এতে একদিকে স্কুলে পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সংকীর্ণ স্থানে পুলিশ সদস্যদেরও থাকতে সমস্যা হচ্ছে।
জানা গেছে, প্রায় আট বছর আগে নীলকমল ইউনিয়নে নদীভাঙনে বেশ কিছু বাড়ি, বসতঘরসহ নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ভবনটিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে সেখানে আর কোনো নৌ পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হয়নি। ওই সময় চরভৈরবী ইউনিয়নে ফাঁড়িটি স্থানান্তর করা হয়। সেখানেও পরপর তিনবার ভাঙনের শিকার হয়ে বর্তমানে মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দুটি কক্ষে নৌ পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে।
সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়ের দুটি স্থাপনার মধ্যে নতুন পাকা ভবনটি নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না, অন্যদিকে পুলিশ সদস্যরাও নানা দুর্ভোগে পড়েছেন। বিদ্যালয়ের নতুন ভবনের দুটি কক্ষে ফাঁড়ির ১৮ জন পুলিশ সদস্য ১৭টি চৌকি পেতে গাদাগাদি করে থাকছেন। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও অন্যান্য সদস্যের সঙ্গে ব্যারাকে রাত কাটান। এ ছাড়া ওই ভবনে বিদ্যুতের কোনো ব্যবস্থা না থাকায় সৌরবিদ্যুৎ দিয়ে কাজ চালাতে হচ্ছে। কোনোদিন বৃষ্টি এবং আবহাওয়া খারাপ হলে সেদিন বিদ্যুৎবিহীন রাত কাটাতে হয় পুলিশ সদস্যদের।
এই পুলিশ ফাঁড়িতে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা নেই। খাওয়ার পানি আনতে হলে এক কিলোমিটার হেঁটে গিয়ে সংগ্রহ করতে হয়। ভালো কোনো পুকুর না থাকায় এক-দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীতে গিয়ে গোসল করতে হয় পুলিশ সদস্যদের।
এ ব্যাপারে চাঁদপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিকদার হাসানুজ্জামান বলেন, আমরা বছরের পর বছর আশ্রয়কেন্দ্রের মতো এই স্কুলে থেকে কার্যক্রম চালাচ্ছি। সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা আমাদের ঘর ভাড়া নিতে বলেন। কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে ঘর ভাড়া পাওয়া যায় না। এর ফলে ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে। বিশেষ করে স্কুলের কার্যক্রমের পাশাপাশি পুলিশি কার্যক্রম সবার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে।
নৌ পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার বলেন, ওই এলাকায় ফাঁড়ি নির্মাণ করতে জমি দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ পেয়েছি। কিন্তু জমি পাওয়া যাচ্ছে না।
প্রধান শিক্ষক মো. ফজলুল করিম বলেন, বর্তমানে তিন কক্ষের একটি টিনের ঘরে দুই পালায় স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে। এর মধ্যে একটি কক্ষে দুটি ক্লাস নিতে হচ্ছে। এখানে ২৫০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আছেন। ২০১১ সালে স্কুল ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নিতে জেলা ও পুলিশ প্রশাসনসহ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অনেক চিঠি চালাচালি হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, পুলিশ ফাঁড়িটি সরানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করা হলেও কোনো লাভ হয়নি।
এ ব্যাপারে হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, স্কুল ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নিতে আমরা বহুবার জেলা ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তারা সেখান থেকে ফাঁড়ি সরিয়ে নিচ্ছেন না।