বিদ্যালয়ে পূর্বপরিকল্পিত আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের একটি বিদ্যালয়ের ভবনে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটায় জোরারগঞ্জ ইউনিয়নের ছুট্টি খাঁ মসজিদসংলগ্ন জোরারগঞ্জ আইডিয়াল একাডেমিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা প্রথমে অফিস কক্ষের তালা কেটে ভেতরে ঢুকে কক্ষে অগ্নিসংযোগ করে আরেকটি তালা লাগিয়ে দেয়। এ সময় তারা অফিসের একটি কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার নিয়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তদের দেওয়া আগুনে অফিস কক্ষসহ সাতটি কক্ষের মূল্যবান কাগজপত্র, আসবাব, নগদ প্রায় ৩৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। তবে বিদ্যালয়ের নৈশপ্রহরী অহিদুর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিরসরাই থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইদুর রহমান চৌধুরী জানান, এটি পূর্বপরিকল্পিত নাশকতা। বিদ্যালয়টি ২০০৮ সাল থেকে উপজেলার মধ্যে লেখাপড়ায় সুনাম ছড়িয়েছে। সে কারণে একটি কুচক্রী মহল এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভূমি নিয়ে বিরোধ চলছে।প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভালো ফল অর্জন করে আসছে। ২০১১-১২ সালের প্রাথমিক সমাপনীতে শতভাগ ফল অর্জন করেছে। পড়াশোনার মান ভালো হওয়ার কারণে পূর্বপরিকল্পিতভাবে এ নাশকতা চালানো হয়েছে।